Murder Case

প্রথম পক্ষের ছেলের সামনেই দ্বিতীয় পক্ষের শিশুপুত্রকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে, মথুরাপুরে গ্রেফতার তরুণী

দু’বছরের শিশুপুত্রকে গলা টিপে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। প্রথম পক্ষের ১২ বছরের ছেলের সামনেই দ্বিতীয় পক্ষের সন্তানকে হত্যার অভিযোগ। মথুরাপুরের ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যুর কথা পরিবারকে জানিয়ে দেয় দাদা। গ্রেফতার অভিযুক্ত মা।

রমেশ ও কেতকী
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৮:০৪

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে দুই বছরের শিশুকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অভিযোগ, প্রথম পক্ষের ১২ বছরের ছেলের সামনেই দ্বিতীয় পক্ষের সন্তানকে গলা টিপে হত্যা করেন ওই তরুণী। এমনকী, খুনের পর শিশুর দেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনাও তিনি করেছিলেন। তবে গোটা ঘটনা গোপন রাখার জন্য মায়ের নির্দেশ মানেনি ১২ বছরের কিশোর। ছোট ভাইয়ের মৃত্যুর কথা পরিবারের সদস্যদের জানাতেই ঘটনা সামনে আসে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনায় অভিযুক্ত মা কেতকী হালদারকে মথুরাপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার উত্তর দুর্গাপুর গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম রক্তিম হালদার। তার বাবা রমেশ হালদারের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে কেতকীকে। জানা গিয়েছে, রমেশ ও কেতকী দু’জনেই আগে বিবাহিত ছিলেন। প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় নিজের ১২ বছরের ছেলেকে নিয়ে রমেশের সঙ্গে থাকতে শুরু করেন কেতকী। অন্যদিকে, প্রথম পক্ষের স্ত্রীকে ছেড়ে কেতকী ও তাঁর ছেলেকে নিয়ে রমেশ সংসার শুরু করেছিলেন। পরে তাঁদের দু’জনের সন্তান হয়। নাম রক্তিম।

অভিযোগ, সোমবার সেই রক্তিমকেই গলা টিপে তার মা হত্যা করেন। কেতকীর আগের পক্ষের ১২ বছরের ছেলের সামনেই ঘটনাটি ঘটেছে। পরিবারের দাবি, ছোট ভাইকে খুন করার পর কেতকী তার দেহ বাড়ির কাছের পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনার কথা কাউকে না জানানোর জন্য নিজের বড় ছেলেকেও তিনি সতর্ক করেছিলেন। কিন্তু ওই কিশোর মায়ের কথা গোপন রাখেনি। আতঙ্কের মধ্যেই পরিবারের অন্য সদস্যদের কাছে সবটা সে জানিয়ে দেয়। এরপর শিশুর দেহ উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়া হয়।

ইতিমধ্যেই অভিযুক্তকে করে তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ। মঙ্গলবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে কেতকীকে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

তবে দু’বছরের শিশুকে কেন খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, কেতকীর সঙ্গে তাঁর প্রথম পক্ষের স্বামীর ফের যোগাযোগ তৈরি হয়েছিল। মোবাইল ফোনে দু’জনের কথাবার্তাও চলছিল বলে তদন্তে উঠে এসেছে। সেক্ষেত্রে প্রথম পক্ষের স্বামীর কাছে ফিরে যাওয়ার পরিকল্পনা থেকেই কি দ্বিতীয় পক্ষের সন্তানকে সরিয়ে দেওয়ার চেষ্টা? এই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও খুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশি জেরায় সেই রহস্যের কিনারা হতে পারে বলে মনে করা হচ্ছে। কালীপুজোর আবহে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।


Share