Fire Incident

আলিপুরে জেলা পরিষদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা, ঘটনাস্থলে ১০ দমকল ইঞ্জিন

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। প্রথমে ভবনের চতুর্থ তলায় আগুন লাগে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পঞ্চম ও ষষ্ঠ তলায়।

আলিপুর জেলা পরিষদে অগ্নিকাণ্ড
নিজস্ব সংবাদদাতা, আলিপুর
  • শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১১:১৩

বুধবার সাতসকালে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল সরকারি দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সকাল পৌনে ১০টা নাগাদ ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দমকলে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের অন্তত ১০টি ইঞ্জিন। ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

দমকল সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ভবনের ভিতরে কেউ আটকে ছিলেন না। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। প্রথমে ভবনের চতুর্থ তলায় আগুন লাগে, পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পঞ্চম ও ষষ্ঠ তলায়।

আগুনের তীব্রতার কারণে সিঁড়ি ব্যবহার করে উপরের তলায় পৌঁছোতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে বহুতলের জানলার কাচ ভেঙে বাইরে থেকে আগুন নেভানোর কাজ চালানো হয়। ভবনের উপরের তলাগুলিতে কর্মরত কয়েকজনকে দড়ির সাহায্যে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে।

ঘটনাস্থলের আশপাশে একাধিক সরকারি ভবন থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে সংকীর্ণ জায়গা এবং চারপাশে গাছপালা থাকায় মই ব্যবহার করতেও বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও নির্বাপণ কাজ চালানো হচ্ছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগুনের উৎসস্থল যে চতুর্থ তলা, সেখানে জেলা পরিষদের কর্মীদের দফতর রয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে অনেক সরকারি নথি পুড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল কাজ শুরু করার পর প্রথমে জলের বেগ কম ছিল। পরে জলের জোগান বৃদ্ধি করা হয়। আগুন এবং ধোঁয়ার জেরে কারও যাতে শ্বাসকষ্ট না-হয়, তা নিশ্চিত করতে অক্সিজেন সিলিন্ডার এবং ব্রিদিং মেশিনও নিয়ে আসা হয়েছে।


Share