Madan Mitra

গোপাল সাহার ইস্তফার পর সব তৃণমূল কাউন্সিলরকে পদত্যাগের নির্দেশ মদন মিত্রের, চরমে রাজনৈতিক সংঘাত

মদন মিত্র জানান, “আমি প্রতিজ্ঞা করছি, আগামী নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আবার পুরসভায় দলের পতাকা ওড়াব। মানুষের সমর্থনে আমাদের জয় নিশ্চিত হবে।”

মদন মিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১১:০৩

কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে তৃণমূল নেতা গোপাল সাহার ইস্তফার পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহেই শুক্রবার সন্ধ্যায় দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র পুরসভার সমস্ত তৃণমূল কাউন্সিলরকে পদত্যাগ করার আহ্বান জানান। পাশাপাশি, তিনি দলীয় কর্মী-সমর্থকদেরও এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আবেদন করেছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের শীর্ষ নেতৃত্বের সম্মতি নিয়েই মদনের এই পদক্ষেপ।

শুক্রবার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর পর রাতেই সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন মদন মিত্র। সেখানে তিনি অভিযোগ করেন, গোপাল সাহাকে পরিকল্পিতভাবে অপমান ও হেনস্থার শিকার হতে হয়েছে। তাঁর দাবি, চেয়ারম্যান হিসেবে প্রয়োজনীয় পরিষেবা কার্যত বন্ধ করে দিয়ে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেখানে সম্মান বজায় রাখতে পদত্যাগ করা ছাড়া গোপালের সামনে আর কোনও পথ খোলা ছিল না।

পোস্টে মদন লেখেন, “আজ কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে যে নোংরা ও অসভ্যতার চরম ব্যবহার সহ্য করতে হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া প্রয়োজন। সমস্ত কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকদের অবিলম্বে তীব্র প্রতিবাদে শামিল হওয়ার জন্য অনুরোধ করছি।”

এর পাশাপাশি তিনি বিজেপিকেও কটাক্ষ করেন। মদনের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের জনপ্রতিনিধিদের অপমান ও হেনস্থা করা হচ্ছে। তাঁর মতে, এর প্রতিবাদে সম্মিলিত পদত্যাগই হতে পারে সবচেয়ে শক্তিশালী বার্তা। সেই কারণেই তিনি কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

পোস্টের শেষাংশে তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মদন মিত্র জানান, “আমি প্রতিজ্ঞা করছি, আগামী নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আবার পুরসভায় দলের পতাকা ওড়াব। মানুষের সমর্থনে আমাদের জয় নিশ্চিত হবে।”

গোপাল সাহার পদত্যাগ এবং তার পরপরই মদন মিত্রের কাউন্সিলরদের পদত্যাগের ডাক ঘিরে কামারহাটির রাজনৈতিক পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। এখন নজর তৃণমূল কাউন্সিলরদের পরবর্তী সিদ্ধান্তের দিকে।


Share