TMC Leader

‘জনতার আদালতে শাস্তি’! পূর্ব মেদিনীপুরে বাইক থামিয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে কান ধরে ওঠবস করালেন স্থানীয়রা

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, কয়েকজনের হাতে লাঠি রয়েছে এবং তাঁরা পঞ্চায়েত প্রধানকে কান ধরে ওঠবস করার নির্দেশ দিচ্ছেন। পরে তাঁদের নির্দেশ মেনেই রাস্তার মাঝখানে কান ধরে ওঠবস করতে দেখা যায় অরূপ মাইতিকে।

কান ধরে উঠবস তৃণমূল নেতার।
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর
  • শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১০:৪৪

ডিম থেরাপির পর এ বার তৃণমূল নেতাদের বিরুদ্ধে জনরোষের নতুন ছবি সামনে এল পূর্ব মেদিনীপুরে। পটাশপুর-১ ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ মাইতিকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। সম্প্রতি ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পটাশপুর-১ ব্লকের নৈপুর এলাকায় বাইকে করে যাওয়ার সময় কয়েকজন যুবক অরূপ মাইতির পথ আটকান। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, কয়েকজনের হাতে লাঠি রয়েছে এবং তাঁরা পঞ্চায়েত প্রধানকে কান ধরে ওঠবস করার নির্দেশ দিচ্ছেন। পরে তাঁদের নির্দেশ মেনেই রাস্তার মাঝখানে কান ধরে ওঠবস করতে দেখা যায় অরূপ মাইতিকে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির স্থানীয় নেতা কৃষ্ণ গোপাল দাসের দাবি, “জনরোষের শিকার” হয়েছেন। তাঁর অভিযোগ, তৃণমূলে থাকার সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত থাকার কারণেই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে এই ধরনের প্রতিবাদ দেখিয়েছেন। তিনি আরও বলেন, “সমস্ত তৃণমূল নেতাদের বলব, কোনও দুর্নীতি বা অনিয়ম করে থাকলে সময় থাকতে তা স্বীকার করুন। না হলে জনতার ক্ষোভের মুখে পড়তে হতে পারে।”

তবে অরূপ মাইতির তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।


Share