Accident

টানা বৃষ্টিতে লেকটাউনে বিপত্তি, কৃষ্ণচূড়া গাছ ভেঙে দুমড়েমুচড়ে গেল দুটি গাড়ি, আহত দু’জন

খবর পেয়ে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সিইএসসি-র মাধ্যমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ চালায়।

ভেঙে পড়েছে গাছ
নিজস্ব সংবাদদাতা, লেকটাউন
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ০৮:৩৩

ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর প্রভাবে চলছে একটানা বৃষ্টি। এই বৃষ্টিতে এবার বড়সড় বিপত্তি ঘটল লেকটাউনে। শুক্রবার লেকটাউন থানা এলাকার বি ব্লকে একটি বিশালাকার কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে ঘটনায় দু’জন আহত হয়েছেন। দুটি চারচাকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, এদিন একটি চলন্ত গাড়ির ওপর আচমকাই বড় গাছটি ভেঙে পড়ে। গাছের চাপে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।চালক দীর্ঘক্ষণ ভিতরেই আটকে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ও দীর্ঘ চেষ্টায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আরও একটি গাড়ি গাছের নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

গাছ ভেঙে পড়ার জেরে এলাকার একটি বিদ্যুতের খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় লেকটাউন থানার পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি)-কে খবর দিয়ে প্রথমে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর উদ্ধার কাজ শুরু হয়।

এলাকার বাসিন্দা রাজীব ভট্টাচার্য জানান, দুর্ঘটনাস্থলের কাছেই দুটি বড় চায়ের দোকান থাকায় সেখানে নিত্যদিন প্রচুর মানুষের ভিড় জমে। তবে ঘটনার সময় একটি দোকান বন্ধ থাকায় বড় ধরনের প্রাণহানি বা বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। গাছ ভেঙে পড়ার কারণে ওই রাস্তায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও, দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা দ্রুত গাছ কেটে রাস্তা পরিষ্কার করার পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।


Share