Job Scam

রাজ‍্যের মন্ত্রীর নাম করে নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত করার অভিযোগ, দেগঙ্গা থেকে গ্রেফতার জুলফিকার আলি

রাজ‍্য পুলিশের গোয়েন্দারা পাঁচ দিনের জন‍্য হেফাজতে পেয়েছে। জুলফিকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিয়োগ নিয়ে জুলফিকার কার কার কাছ থেকে টাকা নিয়েছে তার জবাবে সিআইডির ডিজি বলেন, “আমরা সবে মাত্র হেফাজতে পেয়েছি। বিষয়টি নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার পরেই অগ্রগতি সম্পর্কে বলা সম্ভব হবে।”

ধৃতের নাম জুলফিকার আলি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ০৯:৫৩

পালাবদলের পরে রাজ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সুযোগ বুঝে মাঠে নেমে পড়েছে প্রতারকেরা। এ বার মন্ত্রী ক্ষুদিরাম টুডুর নাম করে নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত করার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম জুলফিকার আলি। জুলফিকার দেগঙ্গার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। 

শনিবার সন্ধ্যায় ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করেন সিআইডির ডিজি নটরাজন রমেশবাবু। তিনি জানান, বেশ কয়েক দিন ধরে স্টাফ সিলেকশন কমিশনের সচিব হোয়াটসঅ‍্যাপে মেসেজ পাচ্ছিলেন। ফোনের ওপারে থাকা ব‍্যক্তিটি নিজেকে রাজ‍্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলে পরিচয় দেয়। নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি করার জন‍্য প্রস্তাব দেয়।

সিআইডি জানিয়েছে, এর পরেই স্টাফ সিলেকশন কমিশনের সচিবের সন্দেহ হতেই তিনি বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করার জন্য পুলিশকে বলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই মামলা সিআইডি নিয়েছে। সূত্রের খবর, ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে দেগঙ্গা থেকে জুলফিকার আলিকে গ্রেফতার করা হয়েছে। 

এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে বলে পুলিশ মনে করছে। ধৃতকে ভবানী ভবনে আনা হয়েছে। তাঁকে রাজ‍্য পুলিশের গোয়েন্দারা পাঁচ দিনের জন‍্য হেফাজতে পেয়েছে। জুলফিকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিয়োগ নিয়ে জুলফিকার কার কার কাছ থেকে টাকা নিয়েছে তার জবাবে সিআইডির ডিজি বলেন, “আমরা সবে মাত্র হেফাজতে পেয়েছি। বিষয়টি নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার পরেই অগ্রগতি সম্পর্কে বলা সম্ভব হবে।”


Share