Murder Case

জয়নগরে পারিবারিক বিবাদের জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় তিন তুতো ভাই

শাবল ও লোহার রড দিয়ে হামলার জেরে মৃত্যু হয়েছে ৩৬ বছরের আব্দুল রাজ্জাক শেখের। ঘটনায় ভেলো শেখ, ভোটন শেখ ও রাজু শেখের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, জয়নগর
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০২:৩৬

পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। শাবল, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁরই আত্মীয়দের বিরুদ্ধে। সোমবার সকালে উত্তর দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতের নাম আব্দুল রাজ্জাক শেখ (৩৬)। তিনি পেশায় ট্রাকচালক। পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছেন রাজ্জাকের তুতো ভাইয়েরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় পোশাক তৈরির কারখানা ছিল রাজ্জাকের। কোনও কারণে সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই তিনি কর্মহীন হয়ে পড়েন। অভিযোগ, রবিবার রাতে মদ্যপ অবস্থায় নিজের কয়েক জন তুতো ভাইকে উদ্দেশ্য করে কটূক্তি করেন রাজ্জাক। তা থেকেই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। যদিও রাতের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সেই বিবাদের রেশ যে পরদিন সকালে এমন ভয়াবহ আকার নেবে, তা কেউ ভাবতে পারেননি।

পরিবারের দাবি, সোমবার সকাল সাতটা নাগাদ ৯ থেকে ১০ জনের একটি দল রাজ্জাকের বাড়িতে হামলা চালায়। তাঁদের হাতে ছিল শাবল, লোহার রড-সহ একাধিক অস্ত্র। বাড়ির মধ্যেই রাজ্জাককে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় তিনি গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

মৃতের পরিবারের আরও অভিযোগ, তুতো ভাইদের সঙ্গে রাজ্জাকের বিবাদ নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁদের মধ্যে ঝামেলা হয়েছে। এমনকী, অতীতে রাজ্জাককে মারধরের ঘটনাও ঘটেছে বলে দাবি পরিবারের সদস্যদের।

রাজ্জাকের স্ত্রী জানিয়েছেন, ভেলো শেখ, ভোটন শেখ এবং রাজু শেখ নামে তিন জন এই ঘটনায় জড়িত। তাঁদের পাশাপাশি হামলায় আর কারা অংশ নিয়েছিল, তা পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।


Share