ISI Agent

পাক গুপ্তচর রানার আরও সহযোগী গ্রেফতার, রিষড়া থেকে জাফর শামকে হেফাজতে নিল রাজ‍্য পুলিশের এসটিএফ, হাজির করানো হবে আদালতে

তবে সম্প্রতি ধড়পাকড় শুরু হতেই এলাকা ছেড়ে রিষড়ায় আত্মগোপন করতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের আধিকারিকেরা ওই এলাকায় অভিযান চালায়। ধাওয়া করে রাস্তা থেকেই জাফরকে গ্রেফতার করেছে।

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ধৃত রানার পর আরও এক সহযোগীকে গ্রেফতার করলএসটিএফ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ০১:৪০

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ধৃত রানা রউফ ওরফে ওয়াহাব আলমের আরও এক সহযোগীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতের নাম জাফর শাম ওরফে সানি। এসটিএফ সূত্রের খবর, ধৃত জাফর রানা রউফের নেটওয়ার্কের হয়ে কাজ করত।

জানা গিয়েছে, জাফর শাম ওরফে সানিকে হুগলির রিষড়ার সন্ধ্যাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত কয়েক বছর আগে রিষড়াতে ভাড়া থাকত। তবে কয়েক দিন আগে সে এলাকা ছেড়ে তোপসিয়ায় চলে যায়। তবে সম্প্রতি ধড়পাকড় শুরু হতেই এলাকা ছেড়ে রিষড়ায় আত্মগোপন করতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের আধিকারিকেরা ওই এলাকায় অভিযান চালায়। ধাওয়া করে রাস্তা থেকেই জাফরকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, জাফর শাম নামে এই যুবক রানার রউফ ওরফে ওয়াহাব আলমের নেটওয়ার্কে কাজ করত। হাওড়ার সালকিয়ায় একটি কারখানায় রানাকে কাজ পাইয়ে দিয়েছিল জাফর। রানাকে বন্ধু হিসাবে পরিচয় দিয়েছিল বলে জানা গিয়েছে। রানার নেটওয়ার্কে কী ভূমিকা ছিল জাফরের তা জানতে ধৃতকে হেফাজতে নিতে চায় পুলিশ। দীর্ঘদিন ধরে ভুয়ো ভারতীয় নথি তৈরীর কাজ করত ধৃত যুবক জাফর। ধৃতকে বুধবার বারাসত আদালতে হাজির করানো হবে। পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। জাফরের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।

গত ১২ অগস্ট হাবড়া থেকে পাক গুপ্তচর সন্দেহে রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে রাজ‍্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল। ওই দিনই তোপসিয়া থেকে ইজাজ আলি নামে আরেক যুবককে গ্রেফতার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ইমরান হোসেন নামে এক যুবককে খোঁজ মেলে। গত সপ্তাহে ইমরানকে তোপসিয়া থেকে গ্রেফতার করা হয়। এই ইমরান রানাকে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিতে সাহায্য করেছিল। এসটিএফ সূত্রের খবর, ইমরানকে জিজ্ঞাসাবাদ করেই এই জাফরের খোঁজ পাওয়া গিয়েছে।


Share