Suvendu Adhikari

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করুন, পুলিশকর্তাদের বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, জারি হল নির্দেশিকা

রাজ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে রাজ‍্য পুলিশ নির্দেশ দিয়েছে। সমস্ত জেলা পুলিশের সুপার এবং কমিশনারদের বলা হয়েছে। থানার মালখানায় বাজেয়াপ্ত হওয়া আগ্নেয়াস্ত্রগুলিও পরীক্ষা করে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১১:২৪

রাজ‍্যে যত অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে, সব উদ্ধার করুন। পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘গুন্ডারাজ’ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সূত্রের খবর, আগামী ১৬ মে থেকে রাজ্যজুড়ে আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিস্ফোরক উদ্ধারে বিশেষ অভিযান চালাতে মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছেন। 

চলতি সপ্তাহে সোমবার বিকেল নবান্নের সভাঘরে রাজ‍্যের পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরেই রাজ‍্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) অজয়মুকুন্দ রানাডে নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত জেলা পুলিশের সুপার ও পুলিশ কমিশনারদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আগামী দু’সপ্তাহ ধরে এই অভিযান চলবে বলে বলে জানা গিয়েছে। কোথায় কত আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক, উদ্ধার করা হল, কার কাছ থেকে সেসব উদ্ধার করা হয়েছে, কত জনকে গ্রেফতার করা হয়েছে, ধৃতদের সমস্ত তথ্য দৈনিক রিপোর্ট আকারে জেলা পুলিশ ও কমিশনারেটের কমিশনারেরা রাজ‍্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকারের কাছে পাঠাতে হবে।

যত অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাগুলি, বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয় তা সংশ্লিষ্ট থানার মালখানায় মজুত করে রাখা হয়। রাজ‍্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) অজয়মুকুন্দ রানাডে নির্দেশিকায় আরও বলেছেন, বিভিন্ন মামলায় বাজেয়াপ্ত হয়ে থানার মালখানায় রাখা সমস্ত অস্ত্র ও গুলির যাচাই করে দেখতে হবে। তা মালখানা রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। আগামী ১৫ মে-র মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়াও, আগামী ১৬ মে থেকে এসডিপিও ও ডিএসপিদের থানার মালখানাগুলি পরিদর্শন শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক রয়েছে কি না তা আগামী দু’সপ্তাহের মধ্যে পরিদর্শন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিশ্চিত করতে হবে।

রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বারবার ‘গুন্ডারাজ’-এর বিরুদ্ধে সরব হয়েছিলেন। পুলিশকে দলদাস বানিয়ে রাখা হয়েছে বলেও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। বলেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করাই বিজেপি সরকার অন‍্যতম প্রধান লক্ষ্য হবে। ক্ষমতায় আসার পরে একের পর পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়িত করার প্রক্রিয়া শুরু করে দিলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share