Accident

বৈদ্যুতিক তারের সংস্পর্শে প্রতিমায় আগুন, পুড়ে ক্ষতিগ্রস্ত কালীমূর্তি, ফুলিয়ায় অমাবস্যায় হবে ক্ষমাপ্রার্থনা পুজো

পুরোহিতের সঙ্গে আলোচনা করে আগামী অমাবস্যা তিথিতে নতুন করে প্রতিমা তৈরি করে বিশেষ পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই পুজোর নাম দেওয়া হয়েছে 'ক্ষমাপ্রার্থনা পুজো'।

বিদ্যুৎতারের সংস্পর্শে এসে আগুনে পুড়ে গেল প্রতিমা
নিজস্ব সংবাদদাতা, ফুলিয়া
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০৮:৫২

বিসর্জনের পথে বিপত্তি। রাস্তার উপর থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আগুন ধরে গেল প্রতিমায়। মুহূর্তের মধ্যে সাধনা কালীমূর্তি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হল। এই ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আয়োজকদের শেষ পর্যন্ত প্রতিমা বিসর্জন না করেই ফিরতে হয়। পরিস্থিতির জন্য নিজেদের ভুলত্রুটি রয়েছে কি না, তা নিয়েও চিন্তিত পুজো উদ্যোক্তারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর ব্লকের ফুলিয়া বেলগড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বয়রা এলাকায় প্রায় ৩০ বছর ধরে আয়োজিত হয়ে আসছে সাধনা কালীপুজো। উদ্যোক্তাদের দাবি, গতবারের তুলনায় এবছর প্রতিমার উচ্চতা প্রায় দু'ফুট বেশি ছিল। মণ্ডপে প্রতিমা নিয়ে আসার সময় অবশ্য কোনও সমস্যা হয়নি। কিন্তু বিসর্জনের উদ্দেশ্যে প্রতিমা নিয়ে যাওয়ার পথেই ঘটে বিপত্তি।

আয়োজক কমিটির সদস্য লক্ষণ দুর্লভের বক্তব্য, রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে প্রতিমার উপরের অংশ। এর জেরে শর্ট সার্কিটের মতো পরিস্থিতি তৈরি হয়। প্রতিমায় আগুন ধরে যায়। আচমকা আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা জল এনে তা নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে প্রতিমা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিনের পুজোয় এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কীভাবে এই বিপত্তি ঘটল, তা নিয়ে কার্যত তাঁরা দিশাহারা। ঘটনায় পুজো কমিটির সদস্যদের পাশাপাশি মন খারাপ এলাকার বাসিন্দাদেরও।

তবে এই ঘটনার পরেও পুজোর আয়োজন বন্ধ রাখছেন না উদ্যোক্তারা। পুরোহিতের সঙ্গে আলোচনা করে আগামী অমাবস্যা তিথিতে নতুন করে প্রতিমা তৈরি করে বিশেষ পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই পুজোর নাম দেওয়া হয়েছে 'ক্ষমাপ্রার্থনা পুজো'। পুজো কমিটির সদস্য লক্ষণ দুর্লভ-সহ স্থানীয় বাসিন্দা ও যুবকরা ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করেছেন। অমাবস্যার বিশেষ পুজোয় সকলকে উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা।


Share