Murder and Suicide

স্ত্রীর গলা কেটে খুন করে পালিয়ে বেলগাছিয়া মেট্রো স্টেশনে আত্মঘাতী স্বামী, রিষড়ার ঘটনায় নতুন মোড়

এ দিন দুপুরে বেলগাছিয়া স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে স্বামী দীপঙ্কর সরকার আত্মহত্যা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই দীপঙ্কর স্ত্রীকে খুন করেছেন।

(বাঁ দিক থেকে) মনিকা সরকার এবং দীপঙ্কর সরকার।
নিজস্ব সংবাদদাতা, রিষড়া
  • শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৯:১৫

শুক্রবার রাতে স্ত্রী মনিকা সরকারকে খুন করে পালিয়ে গিয়েছিলেন স্বামী। শনিবার সকালে হুগলির রিষড়ার বাড়িতে গলা কাটা দেহ উদ্ধার হয়। এ দিন দুপুরে বেলগাছিয়া স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে স্বামী দীপঙ্কর সরকার আত্মহত্যা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই দীপঙ্কর স্ত্রীকে খুন করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিষড়ার ৩ নম্বর গভর্নমেন্ট কলোনি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ভাড়া বাড়িতে দীপঙ্কর এবং মনিকা থাকতেন। তাঁদের ছ’বছরের একটি মেয়ে রয়েছে। দীপঙ্কর কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। শুক্রবার তিনি রিষড়ার বাড়িতে এসেছিলেন বলে জানা গিয়েছে।

প্রতিবেশীদের দাবি, শুক্রবার গভীর রাতে ওই বাড়ি থেকে তাঁরা চিৎকারের শব্দ শুনতে পান। শনিবার সকালে বাড়ির ভিতর থেকে দীর্ঘক্ষণ কোনও সাড়া না মেলায় গেটের তালা ভেঙে ঘরে ঢুকতে হয়। ভিতরে যেতেই তাঁরা দেখেন, বিছানার ওপর মনিকা সরকারের দেহ পড়ে রয়েছে। গলাকাটা তাঁরা দেখেন। পাশেই তাঁদের ছয় বছরের মেয়ে ঘুমিয়ে ছিল।

খবর পেয়ে রিষড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। তদন্তকারীরা ঘরের ভিতরে একটি শাড়ি ঝুলন্ত অবস্থায়ও দেখতে পান। পুলিশের প্রাথমিক অনুমান, প্রথমে শ্বাসরোধ করে ওই গৃহবধূকে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয়েছে।

ঘটনার পর থেকে স্বামী দীপঙ্কর সরকারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ সূত্রের খবর, অভিযোগপত্র অনুযায়ী স্বামী দীপঙ্করই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন। এর মধ‍্যেই খবর আসে, বেলগাছিয়া স্টেশনে এক ব‍্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন। লালবাজার জানিয়েছে, দুপুর ৩টে ৫ মিনিট নাগাদ দীপঙ্কর কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন। এর জেরে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে উল্টোডাঙা থানার পুলিশ পৌঁছোয়। প্রায় ১ ঘণ্টা পরে দীপঙ্করের দেহ উদ্ধার করে আরজি কর মেডিকেলের পাঠানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই স্ত্রীকে খুন করেছে দীপঙ্কর। তা নিয়ে একাধিক বার এর আগেও দু’জনের মধ্যে বচসা হয়েছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।


Share