Fire Incident

হলদিয়ায় ন্যাপথার পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ আগুনে দগ্ধ একাধিক শ্রমিক, ঘণ্টার পর ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে মরিয়া দমকল

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন। পরে আরও কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

হলদিয়া ন্যাপথার পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া
  • শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৮:৪৩

মঙ্গলবার ভোরে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ন্যাপথার পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড। হলদিয়া পেট্রোকেমিক্যালস সংলগ্ন শোধনাগারের একটি ন্যাপথা পরিবহণকারী পাইপলাইনে ভোর প্রায় চারটে নাগাদ আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে পরে তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন। পরে আরও কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ন্যাপথার পাইপলাইন ফেটে যাওয়ার জেরেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া-পাঁশকুড়া রেলপথের ধারে আগুন ছড়িয়ে পড়ায় ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে দমকল ও অন্যান্য উদ্ধারকারী সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।


Share