Body Recovery

বরানগরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনা ঘিরে রণক্ষেত্র, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের

বরানগরের অশোকগড়ে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়াল। মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ক্ষোভে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বরানগর
  • শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২৬ ০৩:০৭

বরানগরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। শ্বশুরবাড়ির তরফে দাবি করা হয়েছে, ওই মহিলা আত্মঘাতী হয়েছেন। তবে সেই দাবি মানতে নারাজ মৃতার পরিবারের লোকজন ও এলাকার একাংশ। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরানগরের অশোকগড় এলাকার বাসিন্দা মানস দাস। তাঁর স্ত্রী রিয়া পালের ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই তাঁদের বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রিয়ার স্বামী মানস এবং তাঁর শাশুড়িকে আটক করে পুলিশ থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।

সেই সময়ই উত্তেজনা আরও বাড়ে। অভিযুক্তদের শাস্তির দাবিতে পুলিশের গাড়ি আটকে প্রতিবেশীদের একাংশ বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে স্থানীয় বিজেপি নেতৃত্বকেও দেখা যায়। বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আরও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

এ দিকে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মানসের দাবি, দীর্ঘ সময় ধরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি বাড়িতে ফিরে আসেন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এরপর জানলা দিয়ে উঁকি দিয়ে তিনি দেখতে পান, রিয়া সিলিং থেকে ঝুলছেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।

রিয়া আত্মহত্যা করেছেন, নাকি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।


Share