Unnatural Death

ব‍্যারাক থেকে হাবড়া থানার সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার, সকালে আদালতে যাওয়ার কথা ছিল, ময়নাতদন্তের জন্য পাঠানো হল হাসপাতালে

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘরের জানালার সঙ্গে গামছা দিয়ে নিজের গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান সহকর্মীরা। সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশকর্মীরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত মেডিকেলে পাঠানো হয়েছে।

মৃতের নাম বিশ্বনাথ সেন।
নিজস্ব সংবাদদাতা, হাবড়া
  • শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৭

থানার ব‍্যারাক থেকে পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম বিশ্বনাথ সেন (৫৭)। বিশ্বনাথ উত্তর ২৪ পরগনার হাবড়া থানার সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর সাব ইন্সপেক্টর বিশ্বনাথ সেন মহেশতলা থানা এলাকার বাসিন্দা। তিনি কর্মসূত্রে হাবড়া থানার ব‍্যারাকেই থাকতেন। পুলিশ সূত্রের খবর, সোমবার তাঁর মামলা সংক্রান্ত নথিপত্র নিয়ে বারাসাত আদালতে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে থানার চত্বরে বিশ্বনাথবাবুকে সহকর্মীরা খুঁজে পাচ্ছিলেন না। তাঁর মোবাইলে ফোন করেও কোনও সাড়া না মেলায় খোঁজাখুঁজি শুরু হয়। এর পরেই সহকর্মীরা তাঁকে খুঁজতে ব্যারাকে পৌঁছোন। দরজা বন্ধ থাকায় সন্দেহ তৈরি হয়। পরে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে বিশ্বনাথ সেনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঘরের জানালার সঙ্গে গামছা দিয়ে নিজের গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান সহকর্মীরা। সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশকর্মীরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত মেডিকেলে পাঠানো হয়েছে।

তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। মানসিক কারণ নাকি এর নেপথ্যে অন‍্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ। থানার ব‍্যারাক থেকে পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।


Share