Mysterious Death

দুর্নীতির অভিযোগে বিক্ষোভের পর রহস্যমৃত্যু! বাড়ি থেকে উদ্ধার বাদুড়িয়ার তৃণমূল পঞ্চায়েত প্রধান জাহিদুল হক বৈদ্যের ঝুলন্ত দেহ

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃত তৃণমূল পঞ্চায়েত প্রধান
নিজস্ব সংবাদদাতা, বাদুড়িয়া
  • শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০২:০২

বাড়ি থেকেই উদ্ধার বাদুড়িয়ার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ। মৃতের নাম জাহিদুল হক বৈদ্য। তিনি বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সম্প্রতি জাহিদুলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, স্বচ্ছ ভারত মিশনের অধীনে পাওয়া ১২টি ব্যাটারিচালিত ময়লা বহনকারী গাড়ি বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। গত ৩১ মে এই অভিযোগে এলাকাবাসী তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করে বাদুড়িয়া থানার পুলিশ। অভিযোগের পর থেকেই জাহিদুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানা যায়।

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা খবর পান, জাহিদুল বাড়ির মধ্যেই ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও দাম্পত্য অশান্তির মধ্যে ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি আত্মহত্যার ঘটনা কি না, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share