Shoot Out

ডানকুনিতে স্বর্ণব‍্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, লক্ষ‍্যভ্রষ্ট হয়ে লাগল দেওয়ালে, ব‍্যাগ ছিনতাই করে পালিয়ে গেল দুষ্কৃতীরা

ডানকুনিতে স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা তদন্তে ডানকুনি থানার পুলিশ।

লক্ষ‍্যভ্রষ্ট হয়ে গুলি লাগল দেওয়ালে
নিজস্ব সংবাদদাতা, ডানকুনি
  • শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৫

হুগলির ডানকুনিতে চলল গুলি। জানা গিয়েছে, সেখানকার এক স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। যদিও ব‍্যবসায়ীর গুলি লাগেনি। তার পরেই একটি ব‍্যাগ ছিনতাই করে পালিয়ে গিয়েছে তাঁরা। তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ।

রবিবার রাতে ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রেল গেট ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, পার্থ দাস নামে এক স্বর্ণব্যবসায়ী এলাকায় নিজের দোকান বন্ধ করে স্ত্রীকে মোটরবাইকে চাপিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দু’টি মোটরবাইকে করে পাঁচ জন পার্থবাবুর রাস্তা আটকায়। স্বর্ণব্যবসায়ীকে ধাক্কা মারে। ফলে তাঁরা রাস্তার ধারে ছিটকে পড়ে যান।

এর পরই স্বর্ণব্যবসায়ীর কাছে থাকা একটি ব্যাগ ছিনতাই করে মোটরবাইকে চেপে পালায়। পার্থবাবু চিৎকার করলে তাঁকে লক্ষ‍্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লক্ষ‍্যভ্রষ্ট হয়ে পাশের একটি বাড়ির দেওয়ালে গিয়ে লেগেছে। বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন স্বর্ণব্যবসায়ী পার্থ দাস। তাঁর দাবি, গুলি চালাতে চালাতে মোটরবাইক বাইকে চেপে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে।

ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে আসে ডানকুনি থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁরা স্বর্ণব্যবসায়ীর সঙ্গে কথা বলেন। আশেপাশের লোকজনের সঙ্গেও পুলিশ আধিকারিকেরা কথা বলেন। কী কারণে গুলি, কারা গুলি চালিয়েছে? স্বর্ণব্যবসায়ীর সঙ্গে কারও শত্রুতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

এলাকার এক বাসিন্দা বলেন, “আগে এখানে এমন ঘটনা ঘটেনি। এই ঘটনা প্রথম হল। আমরা খুবই আতঙ্কে আছি।”


Share