Murder Case

ধানতলায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুন, গায়ে ঢালা হল অ‍্যাসিড, দোকানে লুটপাট, তদন্তে পুলিশ

স্থানীয় এক ব্যবসায়ীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যেরা দোকানে এসে বিকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ধানতলায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ০৫:৩৩

আবার স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। শুধু তাই নয়, খুন করার পরে গায়ে অ‍্যাসিড ঢালা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। নদিয়ার ধানতলায় ঘটনাটি ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

নদিয়ার ধানতলা থানা এলাকার আড়ংঘাটায় ঘটনাটি ঘটেছে। নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম বিকাশ দাস (৪৯)। পরিবার সূত্রের খবর, বুধবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই সময় তিনি দোকানের ভিতরেই ছিলেন। তিনি দোকানে অন‍্যান‍্য স্বর্ণ ব্যবসায়ীদের সোনা বন্দক রাখতেন। বিনিময়ে টাকা পেতেন। সেই জন‍্য বাকিদের জন‍্য অপেক্ষা করছিলেন।

এর এক পর্যায়ে দুষ্কৃতীরা তাঁর দোকানে ঢোকে। বিকাশকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। তার মাথায় গভীর আঘাত লাগে। দেহ যাতে শনাক্ত না করা যায় তার জন‍্য মুখে অ‍্যাসিড ঢেলে দেওয়া হয়। পরে দোকানের সিসি ক্যামেরার তার কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরিবারের আরও অভিযোগ, দোকানে থাকা গয়না এবং তিন লক্ষ টাকা নগদ লুট হয়ে গিয়েছে।

স্থানীয় এক ব্যবসায়ীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যেরা দোকানে এসে বিকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। নিহতের ফোনে কথপোকথনের রেকর্ড পুলিশ খতিয়ে দেখছে। ব‍্যবসায়ীক শত্রুতা নাকি লুটপাট চালানোর জন্য খুন তা নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।


Share