Cyber Crime

অ্যাকাউন্ট থেকে উধাও চার লক্ষ! টাকা না পেয়ে ব্যাঙ্কের সামনে আত্মাহুতির হুমকি বৃদ্ধের

পরিবারের দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের পরামর্শে জিতেনবাবু সেভিংস অ্যাকাউন্টের টাকা ফিক্সড ডিপোজিট করার জন্য আবেদন করেছিলেন, কিন্তু তাঁকে কোনও সার্টিফিকেট দেওয়া হয়নি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৩

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় চার লক্ষ টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগে চরম হতাশায় আত্মাহুতির হুমকি দিলেন এক বৃদ্ধ গ্রাহক। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ের গিরিশ ঘোষ রোডে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলুড়ের ধর্মতলা রোডের বাসিন্দা সত্তরোর্ধ্ব জিতেন মালাকার মাস তিনেক আগে বেলুড়ের একটি বেসরকারি ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলেন এবং সেখানে প্রায় চার লক্ষ টাকা জমা রাখেন। অভিযোগ, কিছুদিনের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে সেই টাকা উধাও হয়ে যায়। এ নিয়ে তিনি হাওড়া পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কে অভিযোগ জানালেও এখনও টাকা ফেরত পাননি।

পরিবারের দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষের পরামর্শে জিতেনবাবু সেভিংস অ্যাকাউন্টের টাকা ফিক্সড ডিপোজিট করার জন্য আবেদন করেছিলেন, কিন্তু তাঁকে কোনও সার্টিফিকেট দেওয়া হয়নি। এর কয়েকদিন পর তাঁর মোবাইলে পরপর লেনদেনের মেসেজ আসে, যাতে দেখা যায় অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাচ্ছে।

জিতেনবাবুর ছেলে সুজিত মালাকার জানান, মেসেজ দেখেই তাঁরা বিষয়টি বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে ফোন করে অ্যাকাউন্ট ব্লক করার অনুরোধ করেন। কিন্তু তাতে লাভ হয়নি। ঘটনাটি সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঘটে বলে তাঁদের দাবি। সেদিনই তাঁরা ব্যাঙ্কে গিয়ে বিষয়টি জানান এবং সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ দায়ের করেন। পরে বেলুড় থানাতেও লিখিত অভিযোগ জমা দেন। তবে তিন মাস কেটে গেলেও সমস্যার সমাধান হয়নি।

মঙ্গলবার টাকা ফেরতের অগ্রগতি জানতে জিতেনবাবু ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেলে, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এদিন সংবাদমাধ্যম ঘটনাস্থলে পৌঁছলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কথা বলতে চাননি।

এরপর মানসিক অবসাদ থেকে ব্যাঙ্কের সামনে আত্মাহুতির হুমকি দেন বৃদ্ধ গ্রাহক, যা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বেলুড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে বোঝান এবং বাড়ি পাঠানোর ব্যবস্থা করে।


Share