TMC Leader Arrested

দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, আর্থিক প্রতারণার মামলায় গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি

ডেবরা থানায় নিয়ে যাওয়ার সময় অজিত মাইতি বলেন, “রাজনৈতিক কারণে এই গ্রেফতারি। আমার পুলিশ-প্রশাসনের উপর আস্থা রয়েছে।”

পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি
নিজস্ব সংবাদদাতা, পিংলা
  • শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩

আর্থিক প্রতারণার মামলার তদন্তে পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে খড়্গপুরের মাদপুরের বাড়িতে পুলিশ অভিযান চালায়। সেখান থেকেই পিংলা থানার পুলিশ অজিত মাইতিকে গ্রেফতার করে। পরে তাঁকে ডেবরা থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবারই তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, একটি আর্থিক প্রতারণার মামলার তদন্তে অজিতকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তৃণমূলের এক কর্মীকে দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। ওই কর্মীর অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে অজিতের গ্রেফতারির বিষয়ে জেলা পুলিশের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। পুলিশ সুপারও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

অজিত মাইতির রাজনৈতিক কেরিয়ার দীর্ঘ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পিংলা কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি বিধায়ক হয়েছিলেন। তবে ২০২৬ সালের নির্বাচনে একই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি পদে তিনি রয়েছেন। এর আগে অবিভক্ত মেদিনীপুর সাংগঠনিক জেলা এবং পরে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বও তিনি সামলেছেন।

ডেবরা থানায় নিয়ে যাওয়ার সময় অজিত মাইতি বলেন, “রাজনৈতিক কারণে এই গ্রেফতারি। আমার পুলিশ-প্রশাসনের উপর আস্থা রয়েছে।”


Share