Government Official Arrested

সরকারি প্রকল্পের ভাতার লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, ২০২৫ সালে দায়ের হওয়া মামলার তদন্তে গ্রেফতার তৎকালীন বিডিও অফিসের আধিকারিক

এসিবির তরফে জানানো হয়েছে, গত ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি ‘ACB PS Case No. 03/2025’-নম্বরের একটি মামলা রুজু করা হয়েছিল। দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর সংশ্লিষ্ট ধারার সেই মামলা দায়ের করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৯

সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর-১ বিডিও অফিসের এক আধিকারিককে গ্রেফতার করল দুর্নীতি দমন শাখা। দুর্নীতি দমন শাখা (এসিবি) সূত্রের খবর, সোমবার তাঁকে এই মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরেই ওই আধিকারিককে হেফাজতে নেওয়ার হয়েছে। মঙ্গলবার তাঁকে সংশ্লিষ্ট আদালতে পেশ করা হবে বলে এসিবি জানিয়েছে।

এসিবির তরফে জানানো হয়েছে, গত ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি ‘ACB PS Case No. 03/2025’-নম্বরের একটি মামলা রুজু করা হয়েছিল। দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর সংশ্লিষ্ট ধারার সেই মামলা দায়ের করা হয়।  পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারা তাতে যোগ করা হয়।

তপশিলি জাতি ও উপজাতির পরিবারের বছরের আয়ের ওপর নির্ভর করে এই আর্থিক সাহায্য রাজ‍্য সরকার দেয়। এসিবির বক্তব্য, ওই আধিকারিক খড়্গপুর-১ বিডিও অফিসে তপশিলি জাতি উন্নয়ন বিভাগের ইন্সপেক্টর ছিলেন। অভিযোগ, সরকারি ক্ষমতা ব‍্যবহার করে ভাতার টাকা আত্মসাৎ করতে বিপুল পরিমাণ ভুয়ো পরিচয়পত্র তৈরি করেন। তার ভিত্তিতে ভাতার টাকা পেতে আবেদনপত্র জমা করান। এই প্রক্রিয়ায় মাধ‍্যমে মোট আট লক্ষ ৬১ হাজার ৪৬০ টাকা অভিযুক্তের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাঁর কয়েক জন আত্মীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন বলে এসিবি দাবি করেছে।

তদন্তকারীদের আরও দাবি, ওই ব‍্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় গুরুত্বপূর্ণ লেনদেন ও অন্যান্য বিষয় অভিযুক্তের সামনে রাখা হয়। সেই সম্পর্কে প্রশ্ন করা হলে তার সন্তোষজনক ব্যাখ্যা অভিযুক্ত দিতে পারেননি।

তৃণমূল জমানায় মামলাটি দায়ের করা হয়েও তার তদন্তে কোনও অগ্রগতি হয়নি। পালাবদলের পরেই দুর্নীতি দমন শাখা এই মামলায় তৎপর হল। ওই আধিকারিককে সোমবার হেফাজতে নিয়েছে তদন্তকারীরা। তবে গ্রেফতারির আগে ওই আধিকারিক কর্মরত রয়েছেন কি না তা জানানো হয়নি। তদন্তের স্বার্থে নামও প্রকাশ করা হয়নি।


Share