Teacher Beaten

বর্ধমানে সহশিক্ষিকাকে চেয়ার ছুড়ে মারলেন প্রাক্তন সিপিএম সাংসদ সইদুল হকের ছেলে, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠাল পুলিশ

বর্ধমানের একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। সিপিএমের প্রাক্তন সাংসদের ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে।

ধৃতের নাম কুন্তল হক।
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০৯:৩১

সহশিক্ষিকাকে চেয়ার ছুড়ে মারল প্রধান শিক্ষক। ঘটনায় গুরুতর জখম হন ওই শিক্ষিকা। পরে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে।

ধৃতের নাম কুন্তল হক। তিনি বর্ধমানের প্রাক্তন সিপিএম সাংসদ সইদুল হকের ছেলে। সইদুল সিপিএমের সময় পূর্ব বর্ধমানের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানও ছিলেন। বর্ধমানের বিজয়রাম শম্ভুনাথ গুহ প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত কুন্তল হক ওই প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক।

পুলিশ সূত্রের খবর, আক্রান্ত শিক্ষিকা প্রাথমিক স্কুলের হাজিরার খাতা নিয়ে স্টাফরুমে নিয়ে গিয়েছিল। তা নিয়ে স্কুলের প্রধান শিক্ষক তথা প্রাক্তন সিপিএম সাংসদ সইদুল হকের ছেলে কুন্তল হকের সঙ্গে বচসা বাধে। অভিযোগ, সেই বচসা চলাকালীন কুন্তল আচমকাই শিক্ষিকাকে লক্ষ্য করে একটি আস্ত চেয়ার ছুড়ে মারেন। তা দিয়ে শিক্ষিকার গায়ে এসে লাগে। এর ফলে ওই শিক্ষিকা গুরুতর জখম হন। পরে তাঁকে উদ্ধার করে সেখানে কর্তব্যরত স্কুলের কর্মীরা উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়।

এর পরে গত ৯ জুলাই আক্রান্ত শিক্ষিকা বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন‍্যায় সংহিতার ১২৬(২) এবং ১১৫(২) ধারায় মামলা রুজু করা হয়। প্রসঙ্গত, দু’টি ধারাই জামিনযোগ‍্য। প্রাক্তন সাংসদপুত্র কুন্তল হককে রবিবার পুলিশ গ্রেফতার করে। সোমবার ধৃত কুন্তলকে বর্ধমান আদালতে হাজির করানো হয়েছে। এই বিষয়ে নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের কারোর প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে মহিলাকে মারধর করার পরেও কী করে অভিযুক্তের বিরুদ্ধে জামিনযোগ‍্য ধারায় মামলা রুজু করা হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।


Share