Arrest

ভুয়ো চিকিৎসক চক্রে রাজনৈতিক যোগের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের দুই কাউন্সিলর ও এক নেতা

সেই সূত্র ধরে তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর ও এক নেতাকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১১:০৬

ভুয়ো চিকিৎসক চক্রের তদন্তে এ বার উঠে এল রাজনৈতিক যোগের অভিযোগ। সেই সূত্র ধরে তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর ও এক নেতাকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। ধৃতদের সঙ্গে অভিযুক্ত ভুয়ো চিকিৎসকদের কী ধরনের যোগাযোগ ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সম্প্রতি বারুইপুরের দুর্গাপুর, কুন্দরালি ও বেলেগাছি এলাকায় অভিযান চালিয়ে তপন কুমার বৈরাগী, বাসুদেব নস্কর ও আশিস কুমার বড়াল নামে তিন জনকে ভুয়ো চিকিৎসক সন্দেহে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, বৈধ চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি না থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা করছিলেন তাঁরা। শুধু তা-ই নয়, টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের মেডিকেল সার্টিফিকেট এবং মৃত্যুর শংসাপত্র দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কয়েক জন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার নাম জানতে পারেন তদন্তকারীরা। এর পরেই বারুইপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস দেবরায়, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দত্ত এবং নেলো নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। নেলো বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ বলে পরিচিত।

পুলিশের অভিযোগ, বিভিন্ন প্রয়োজনে সাধারণ মানুষকে অভিযুক্ত চিকিৎসকদের কাছে পাঠাতেন ধৃত কাউন্সিলর ও নেতা। তবে ভুয়ো চিকিৎসকদের সঙ্গে তাঁদের যোগাযোগের প্রকৃত ধরন এবং এই চক্রে তাঁদের নির্দিষ্ট ভূমিকা কী ছিল, তা এখনও তদন্তসাপেক্ষ।

পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আরও কোনও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি যুক্ত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভুয়ো চিকিৎসকদের মাধ্যমে আর্থিক লেনদেন বা বেআইনি শংসাপত্র দেওয়ার ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা জানতেও তদন্ত চালাচ্ছেন আধিকারিকেরা।


Share