Fire Incident

হালিশহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই আস্ত বাড়ি, আহত এক জন, ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন

আগুনের হাত থেকে ডেকরেটর ব্যবসার সামগ্রী বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন বাড়ির এক সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন।

আগুনে জ্বলছে বাড়ি
নিজস্ব সংবাদদাতা, হালিশহর
  • শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০

মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেল একটি আস্ত বাড়ি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ প্রসাদনগর এলাকায়। আগুনে বাড়ির সমস্ত জিনিসপত্রের পাশাপাশি ব্যবসার সামগ্রীও পুড়ে যায়। সেই সামগ্রী সরিয়ে আগুনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাড়ির এক সদস্য গুরুতর আহত হন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির এক সদস্য ডেকরেটরের ব্যবসার সঙ্গে যুক্ত। বাড়িতে তাঁর ব্যবসার বেশ কিছু সামগ্রী মজুত করা ছিল। আগুন লাগার পর সেগুলি বের করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। সেই সময় তাঁর হাতে আগুন লাগে। হাতের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

পরিবারের সদস্যদের প্রাথমিক অনুমান, রান্নার গ্যাসের সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন  ঘটনাস্থলে পৌঁছোয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন পুরোপুরি নেভাতে আরও কিছুটা সময় লাগে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস ঘটনাস্থলে পৌঁছোন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। তাঁদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন।

সুদীপ্ত দাস বলেন, ‘‘গ্যাস সিলিন্ডার সংক্রান্ত একটি তথ্য জানা গেলেও এখনও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। বাড়ির সমস্ত কিছুই কার্যত পুড়ে গিয়েছে।’’ আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।


Share