ED Raid

ঝাড়খন্ডে বিদ‍্যুৎ প্রকল্প তৈরির নামে আর্থিক তছরুপের অভিযোগ, ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচার, কলকাতা-সহ ১১টি জায়গায় চলছে ইডির তল্লাশি

সকাল থেকেই জালিয়াতির টাকার গতিবিধির সন্ধান পেতে কলকাতা ও হাওড়ার মোট ১১টি জায়গায় তল্লাশি চলছে। বৃহস্পতিবার সকাল থেকে হাওড়ার বালির একটি আবাসনে ইডি তল্লাশি চালাচ্ছে। সংস্থার দুই মালিক-সহ অডিটর, অ‍্যাকাউন্টেন্টরাও ইডির স্কানারে রয়েছেন। কলকাতাতেও তল্লাশি চলছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৫

বিদ‍্যুৎ প্রকল্পের নামে আর্থিক তছরুপের মামলায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও হাওড়ার ১১টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। ইডির আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রয়েছে। তাঁরা এলাকা ঘিরে রেখেছেন।

ইডি সূত্রের খবর, কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ঝাড়খন্ডে একটি তাপবিদ্যুৎ প্রকল্প তৈরি করার পরিকল্পনা করেছিল। সেখানে ৬৬ মেগাওয়াটের একটি তাপবিদ্যুৎ প্রকল্প তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। এই প্রকল্পের পরিকল্পনাকে সামনে রেখে একাধিক ব‍্যাঙ্কের কাছ থেকে ২৯০ কোটি টাকা ঋণ নিয়েছিল।

অভিযোগ, কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার মালিক প্রশান্ত বোথরা ও বিজয় বোথরা ঋণের টাকা ভুয়ো কোম্পানির অ‍্যাকাউন্টে জমা করেছে। তার কিছু ভাগ ব‍্যক্তিগত কারণে খরচ করা হয়েছে। কিন্তু ব‍্যবসা শুরু হয়নি। এর জেরে ব‍্যাঙ্কের কাছে পাওনা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে এই সংস্থাকে দেউলিয়া বলে ঘোষণা করা হয়। তাঁরা জাতীয় কোম্পানি ট্রাইবুনালের দারস্থ হয়। ট্রাইবুনালের নির্দেশে সম্পত্তির পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু মাত্র সাত কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। যা ব‍্যাঙ্কের পাওয়ার থেকে অনেকটাই কম।

এর পরেই প্রাথমিক খোঁজ খবর নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের খবর, প্রাথমিক তদন্তে এই কহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেডের আর্থিক তছরুপের বিষয়টি সামনে এসেছে। ইসিআইআর দায়ের করে তাঁরা তদন্ত শুরু করেছে। ইডি মনে করছে, এই সংস্থাকে সামনে রেখে একাধিক ভুয়ো সংস্থা তৈরি করা হয়েছিল। সেই অ‍্যাকাউন্টে টাকা জমা করা হয়েছে। আর্থিক তছরুপের তথ‍্য গোপন করতে একাধিক স্তর ব‍্যবহার করা হয়ে থাকে পারে। এই টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছে গিয়েছে কি না তা-ও নিয়েও খতিয়ে দেখা হচ্ছে।

এ দিন সকাল থেকেই জালিয়াতির টাকার গতিবিধির সন্ধান পেতে কলকাতা ও হাওড়ার মোট ১১টি জায়গায় তল্লাশি চলছে। হাওড়ার বালির একটি আবাসনে ইডি তল্লাশি চালাচ্ছে। সংস্থার দুই মালিক-সহ অডিটর, অ‍্যাকাউন্টেন্টরাও ইডির স্কানারে রয়েছেন।


Share