Shoot Out

আড্ডার মাঝেই ভাইকে গুলি! বসিরহাটে খুড়তুতো দাদার গুলিতে মৃত্যু ভাইয়ের, গ্রেফতার অভিযুক্ত

বসিরহাটের গোডাউন পাড়ায় আড্ডার মধ্যে খুড়তুতো ভাই প্রশান্ত শীলকে গুলি করার অভিযোগ উঠল সূর্য শীলের বিরুদ্ধে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট
  • শেষ আপডেট: ১২ আগস্ট ২০২৬ ০৮:৪৪

বসিরহাটে আড্ডার মধ্যে আচমকাই ভাইকে গুলি করার অভিযোগ উঠল খুড়তুতো দাদার বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রশান্ত শীলের (২২)। মঙ্গলবার রাতে বসিরহাটের গোডাউন পাড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত সূর্য শীলকে বসিরহাট থানার পুলিশ গ্রেফতার করেছে। তবে কী কারণে এই গুলি চালানো হল, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোডাউন পাড়ায় বসেছিলেন প্রশান্ত ও তাঁর খুড়তুতো দাদা সূর্য। দু’জনে গল্পগুজব করছিলেন বলেই জানা গিয়েছে। সেই সময় আচমকাই সূর্য আগ্নেয়াস্ত্র বের করে প্রশান্তকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে প্রশান্ত মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় প্রশান্তকে উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কলকাতায় নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরই অভিযুক্ত সূর্য শীলকে পুলিশ গ্রেফতার করে। তাঁর বয়স ২৫ বছর। কেন তিনি ভাইকে লক্ষ্য করে গুলি চালালেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আড্ডার সময় দু’জনের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা বা বিবাদ হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মৃতের পরিবারের দাবি, ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক প্রতিহিংসা বা দুষ্কৃতী-যোগ নেই। তবে সূর্যের হাতে আগ্নেয়াস্ত্র এল কী ভাবে, সেই প্রশ্নই উঠছে। অস্ত্রটির উৎস খুঁজে বের করার পাশাপাশি ঘটনার সময় ঠিক কী হয়েছিল, তা জানতে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তকারীরা মনে করছেন, গুলি চালানোর নেপথ্যে অন্য কোনও কারণ থাকতে পারে। সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার বসিরহাট মহকুমা হাসপাতালে প্রশান্তের ময়নাতদন্ত হওয়ার কথা। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।


Share