Fire Incident

আট মাসের মাথায় ফের আগুন নরেন্দ্রপুরের সেই মোমো গুদামে, আতঙ্কে এলাকাবাস, একই ঘটনায় উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

উল্লেখ্য, চলতি বছরের ২৬ জানুয়ারি নরেন্দ্রপুরের নাজিরাবাদে ওই মোমো ও ইভেন্ট ম্যানেজমেন্টের গুদামে ভয়াবহ আগুন লেগেছিল। সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১ জন শ্রমিক।

ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
নিজস্ব সংবাদদাতা, নরেন্দ্রপুর
  • শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০১:০৫

মাত্র আট মাসের ব্যবধানে ফের আগুন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের নাজিরাবাদ এলাকার সেই মোমো গুদামে। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। সেখানে উপস্থিত হন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস ধরও।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন আধিকারিকেরা।

গত জানুয়ারিতে এই গুদামেই ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর গুদামের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথভাবে করা হয়েছিল কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগের ঘটনার পরও কীভাবে একই জায়গায় ফের আগুন লাগল, তা নিয়েও উঠছে প্রশ্ন।

অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেননি বিধায়ক দেবাশিস ধর। তাঁর দাবি, পরিত্যক্ত গুদামটিতে তেলজাতীয় কিছু জিনিস মজুত ছিল। সেখানে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ থাকতে পারে বলে অভিযোগ করেছেন বিধায়ক। তাঁর বক্তব্য, শুক্রবারের ঘটনায় কেউ আহত হননি এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ জানুয়ারি নরেন্দ্রপুরের নাজিরাবাদে ওই মোমো ও ইভেন্ট ম্যানেজমেন্টের গুদামে ভয়াবহ আগুন লেগেছিল। সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১ জন শ্রমিক। আট মাসের মাথায় ফের একই গুদামে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এবার কীভাবে আগুন লাগল এবং গুদামের নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকর ছিল, তদন্তে সেই প্রশ্নগুলির উত্তর খোঁজা হচ্ছে।


Share