Accident

কালীপুজোয় গঙ্গাস্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! ডোমকলে অটো-টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত একাধিক

ভাতশালা-গোবিন্দপুর রাজ্য সড়কে অটো ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে সন্ধ্যা মণ্ডল নামে এক মহিলার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েক জন।

দুর্ঘটনাগ্রস্ত টোটো
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ ০২:১০

কালীপুজো উপলক্ষে বহরমপুরের কয়েকজন গঙ্গাস্নান করতে গিয়েছিলেন। স্নান সেরে অটোয় চেপে বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি। ডোমকলে একটি টোটোর সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনার অভিঘাতে দু’টি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েক জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বহরমপুর থেকে কয়েক জন অটো ভাড়া করে গঙ্গাস্নানে গিয়েছিলেন। স্নান সেরে ফেরার সময় ডোমকল থানার অন্তর্গত ভাতশালা-গোবিন্দপুর রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল অটোটি। সেই সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি টোটোর সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন অটো ও টোটোর যাত্রীরা। দুমড়ে যায় দু’টি গাড়ির সামনের অংশ।

দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই আহতদের উদ্ধারের কাজে হাত লাগান। ডোমকল থানায় খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে এক মহিলাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম সন্ধ্যা মণ্ডল। তিনি ডোমকলের কাটাকোপরা এলাকার বাসিন্দা। বাকি আহতদের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। অটো ও টোটো দু’টিকেই বাজেয়াপ্ত করা হয়েছে। কী কারণে এই সংঘর্ষ, কোন গাড়ির গতি কতটা ছিল এবং কীভাবে দু’টি যান মুখোমুখি চলে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share