Murder Case

ডিএনএ পরীক্ষায় মিল, তিন মাস পর কুশপুতুল পুড়িয়ে বিজেপি কর্মীর শেষকৃত্য

রবিবার ধুলিয়ানের শ্মশানঘাটে ধর্মীয় রীতি মেনে তাঁর কুশপুতুল দাহ করা হয়। সুজিতের ছ’বছরের ছেলে সিদ্ধার্থ মুখাগ্নি করে। এ দিন ধর্মীয় আচার মেনে মাথাও মুড়িয়ে দেওয়া হয় শিশুটির।

৬ বছরের পুত্র শেষকৃত্য করল বাবার।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ০৮:৩৫

ডিএনএ পরীক্ষায় দেহাংশের সঙ্গে পরিচয় নিশ্চিত হওয়ার পর অবশেষে প্রতীকীভাবে শেষকৃত্য সম্পন্ন হল সামশেরগঞ্জের বিজেপি কর্মী সুজিত মণ্ডলের। রবিবার ধুলিয়ানের শ্মশানঘাটে ধর্মীয় রীতি মেনে তাঁর কুশপুতুল দাহ করা হয়। সুজিতের ছ’বছরের ছেলে সিদ্ধার্থ মুখাগ্নি করে। এ দিন ধর্মীয় আচার মেনে মাথাও মুড়িয়ে দেওয়া হয় শিশুটির। উল্লেখ্য, গত অগস্ট মাসে সুজিত খুন হয়েছিলেন। তাঁর দেহাংশ উদ্ধারের পর ডিএনএ পরীক্ষায় পরিবারের এক সদস্যের নমুনার সঙ্গে মিল পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার সেই রিপোর্ট পরিবারের হাতে পৌঁছোয়।

ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিতকে গত অগস্টে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সিআইডি ঘটনার তদন্তভার নেয়। এই ঘটনায় সামাউল হক, জনি শেখ ও তাজফিরা বিবি নামে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বয়ানের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর ফরাক্কার বল্লালপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে পুলিশ কিছু দেহাংশ উদ্ধার করে। সেগুলি সুজিতের বলে সন্দেহ করা হলেও পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করানো হয়। পুলিশের দাবি, সুজিতের সঙ্গে ধৃতদের অন্যতম সামাউলের ব্যবসায়িক সম্পর্ক ছিল। দু’জনে সুদের কারবার করতেন। আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিবাদের জেরেই খুন বলে তদন্তকারীদের অনুমান।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ সামাউলের বিরুদ্ধে। পুলিশের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়। একই দিনে উত্তর ২৪ পরগনার গাইঘাটাতেও কিশোরীকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হন। রবিবার সুজিতের শেষকৃত্যে উপস্থিত ছিলেন বিজেপির মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলার সহ-সভাপতি মিলন মণ্ডল। সুজিতের ভাই সুশীল জানান, রাজ্য সরকার তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, সে জন্য তাঁরা কৃতজ্ঞ। তবে ঘটনায় বাকি দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বিজেপি নেতা মিলন মণ্ডলের কথায়, “দেহ না মেলায় প্রতীকী বিদায় জানানো হল সুজিতকে।”


Share