Railway

দক্ষিণেশ্বরে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, দু’দিকে বন্ধ ট্রেন চলাচল, বিপাকে অফিস ফেরত যাত্রীরা

এই ঘটনা নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, “ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার কারণে একটা সমস‍্যা হয়েছে। ইলেকট্রিক্যাল বিভাগের কর্মীরা পৌঁছেছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।”

দক্ষিণেশ্বরে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, দু’দিকে বন্ধ ট্রেন চলাচল।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণেশ্বর
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১০:৩৬

ভরসন্ধ‍্যায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। দক্ষিণেশ্বর স্টেশনে ঘটনাটি ঘটেছে। ডাউন স্টেশনে একটি ট্রেন ঢুকতেই এই বিপত্তি ঘটেছে। এই ঘটনার জেরে দু’দিকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে ইলেকট্রিক্যাল বিভাগের কর্মীরা এসে পৌঁছেছেন।

পূর্ব রেল সূত্রের খবর, বুধবার ৮টা ৫৫ মিনিট নাগাদ একটি ডাউন ট্রেন স্টেশনে এসে পৌঁছোয়। পৌঁছোনোর পরেই বিকট শব্দ হয়। ট্রেনের প‍্যান্টোগ্রাফের সঙ্গে তার ছিঁড়ে জড়িয়ে গিয়েছে। ওভারহেডের তার পাশের আপ লাইনে পড়ে গিয়েছে। ট্রেনের থাকা যাত্রীদের বের করে আনা হয়েছে। ঘটনার খবর পেয়ে ইলেকট্রিক‍্যাল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ওএইচই ভ‍্যান এসে তার মেরামতি করার কাজ শুরু করেছে।

ঘটনার জেরে দু’দিকে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপ কাঞ্চনকণ‍্যা এক্সপ্রেসকে বরাহনগরে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। এর পিছনে থাকা লোকাল ট্রেন দেরিতে চলছে। এর জেরে অফিস ফেরত যাত্রীরা সমস্যায় পড়েছেন।

এই ঘটনা নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, “ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার কারণে একটা সমস‍্যা হয়েছে। ইলেকট্রিক্যাল বিভাগের কর্মীরা পৌঁছেছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।”


Share