Guru Purnima

বৃষ্টি উপেক্ষা করে গুরু পূর্ণিমায় বেলুড় মঠে ভক্তদের ঢল, মহারাজদের আশীর্বাদ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মঠ কর্তৃপক্ষের তরফে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সুশৃঙ্খলভাবে দর্শনের জন্য মোতায়েন করা হয় অতিরিক্ত কর্মী ও স্বেচ্ছাসেবক।

বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, বেলুড়
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০১:৫৪

গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে বৃষ্টি উপেক্ষা করেই হাওড়ার ঐতিহ্যবাহী বেলুড় মঠে ভক্তদের ঢল নামল। বুধবার সকাল থেকেই মঠ চত্বরে দেখা যায় হাজার হাজার পুণ্যার্থীর ভিড়। দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে উপস্থিত হন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়ে। উৎসবের আবহে ভরে ওঠে গোটা মঠ প্রাঙ্গণ।

গুরু পূর্ণিমা উপলক্ষে মহারাজদের দর্শন ও আশীর্বাদ পাওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় ভক্তদের। বেলুড় মঠের মূল মন্দিরের পাশাপাশি সারদা দেবীর মন্দির এবং অন্যান্য স্মারক মন্দিরেও ছিল উপচে পড়া ভিড়। নিজ নিজ গুরুদেবের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানাতেই ভক্তদের এই উচ্ছ্বাস। প্রতিকূল আবহাওয়াও তাঁদের ভক্তিতে কোনও বাধা তৈরি করতে পারেনি।

ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মঠ কর্তৃপক্ষের তরফে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সুশৃঙ্খলভাবে দর্শনের জন্য মোতায়েন করা হয় অতিরিক্ত কর্মী ও স্বেচ্ছাসেবক।

এদিন গুরু পূর্ণিমার সকালে বেলুড় মঠে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল প্রায় ১১টা নাগাদ তিনি মঠ চত্বরে পৌঁছন। মঠে প্রবেশ করেই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ এবং সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজের বাসভবনে যান।

সেখানে দুই মহারাজের সঙ্গে একান্ত সাক্ষাৎ করে তাঁদের প্রণাম করেন মুখ্যমন্ত্রী এবং গুরু পূর্ণিমার বিশেষ দিনে আশীর্বাদ গ্রহণ করেন। এরপর তিনি বেলুড় মঠের মূল মন্দিরে গিয়ে পুজো ও প্রার্থনায় অংশ নেন।

মুখ্যমন্ত্রীর বেলুড় মঠ সফরকে ঘিরে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যেও বিশেষ আগ্রহ দেখা যায়। তাঁর আগমন উপলক্ষে মঠ চত্বর ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল।


Share