Attempted to Murder

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির নাকে কামড়! বৌমার বিরুদ্ধে মাংস খুবলে নেওয়ার অভিযোগ, গ্রেফতার অভিযুক

ধৃত পূর্বার দাবি, তিনি দীর্ঘদিন ধরে শাশুড়ির অত্যাচারের শিকার। বৃহস্পতিবার শাশুড়ি চুলের মুঠি ধরে মারধর করায় আত্মরক্ষার্থেই নাকে কামড় বসান বলে দাবি তাঁর।

এ আই দিয়ে নির্মিত ছবি
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ০২:০৬

শাশুড়ি-বৌমার যুদ্ধ। আর তাতে খুবলে নিল নাক!বিবাদ গড়াল ভয়াবহ পরিণতিতে। ঝগড়ার মধ্যে শাশুড়ির নাকে কামড় বসানোর অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। এমনকী, নাকের কিছুটা মাংসও খুবলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত বৌমার নাম পূর্বা মণ্ডল। ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সোনারুদ্র এলাকায় ঘটনাটি ঘটেছে।

আহত শাশুড়ি চায়না মণ্ডল। বর্তমানে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, চায়না ও তাঁর পুত্রবধূ পূর্বার মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। বৃহস্পতিবার সেই অশান্তি চরমে পৌঁছোয়। ঘটনার সময় পূর্বার স্বামী বাড়িতে ছিলেন না। অভিযোগ, শাশুড়ি-বৌমার মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছোয়। সেই সময়ই শাশুড়ির নাকে কামড় বসিয়ে দেন পূর্বা বলে অভিযোগ। কামড়ে নাকের একাংশের মাংস উঠে যায় বলে জানা গিয়েছে।

এরপর গুরুতর জখম অবস্থায় চায়না মণ্ডলকে স্থানীয় শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের পালটা দাবি করেছেন ধৃত পূর্বা মণ্ডল। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরেই তাঁকে শাশুড়ির অত্যাচার সহ্য করতে হচ্ছিল। এই অভিযোগে আগেই থানায় তিনি বধূ নির্যাতনের মামলা দায়ের করেছিলেন। পূর্বার দাবি, বৃহস্পতিবারও শাশুড়ি তাঁর চুলের মুঠি ধরে মারধর করছিলেন। সেই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতেই তিনি শাশুড়ির নাকে কামড় বসান। ঘটনায় ইতিমধ্যেই পূর্বাকে গ্রেফতার করেছে পুলিশ।


Share