Damayanti Sen

বাড়ি ফিরলেন দময়ন্তী সেন, রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার শুটারকে উদ্ধার করল সিট, নিখোঁজ রহস্যে তদন্তে পুলিশ

দময়ন্তীর কোচ তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত জাতীয় স্তরের শুটার জয়দীপ কর্মকার জানিয়েছেন, তাঁকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়েছে।

দময়ন্তী সেন।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১২:০১

অবশেষে খোঁজ মিলল নিখোঁজ রাইফেল শুটার দময়ন্তী সেনের। নিখোঁজ হওয়ার প্রায় তিন দিন পর শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। দময়ন্তীর সন্ধানে পুলিশ ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল।

দময়ন্তীর কোচ তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত জাতীয় স্তরের শুটার জয়দীপ কর্মকার জানিয়েছেন, তাঁকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়েছে। মেয়ের নিরাপদে বাড়ি ফেরার খবর সমাজমাধ্যমে নিশ্চিত করেছেন দময়ন্তীর মা মৌমিতা রায় সেন।

বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন প্রতিভাবান শুটার দময়ন্তী সেন। মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। পরিবারের দাবি, বাড়ির সামনের একটি দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। শেষবার তাঁকে হাওড়া স্টেশনে দেখা গিয়েছিল বলে জানা যায়। শুক্রবার পর্যন্ত দময়ন্তীর সন্ধান না মেলায় তাঁর বাবা ধ্রুবজ্যোতি সেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-এর সঙ্গে দেখা করেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে দময়ন্তীর খোঁজে হাওড়া সিটি পুলিশের চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়।

দময়ন্তীর মা লেখেন, ‘আজ ভোরবেলা রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে আমার মেয়ে দময়ন্তী সেনকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছে। ঈশ্বরের অসীম কৃপায় সে আমাদের কাছে ফিরে এসেছে।’

পরিবারের দাবি, স্থানীয় কয়েক জন বাসিন্দা রামকৃষ্ণ ঘাট এলাকায় দময়ন্তীকে দেখতে পেয়ে তাঁদের খবর দেন। এরপর পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাঁকে নিয়ে আসেন। তবে তিনি কোথায় ছিলেন বা কী কারণে নিখোঁজ ছিলেন, সে বিষয়ে এখনও মুখ খুলতে চাননি পরিবারের সদস্যরা। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন বলেন, ‘মেয়েকে পাওয়া গিয়েছে। আমি এখন বেশি কিছু বলতে পারব না।’ এ দিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দময়ন্তী কোথায় ছিলেন এবং কী কারণে নিখোঁজ হয়েছিলেন, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


Share