Pratikur Rahman Joined TMC

তৃণমূলে যোগ দিলেন প্রতিকুর রহমান, বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের হাত ধরলেন সিপিএম নেতা

গত সোমবার রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে নিজের রাজ্য কমিটির সদস্যপদ থেকে অব্যহতি চেয়ে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন প্রতিকুর রহমান। তারপর থেকে শুরু হয়েছিল গুঞ্জন।

অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন প্রতিকুর রহমান।
নিজস্ব সংবাদদাতা, আমতলা
  • শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৬

প্রত‍্যাশা মতোই তৃণমূলে যোগ দিলেন সিপিএমের ছাত্রনেতা প্রতিকুর রহমান। শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন সিপিএমের  ছাত্রনেতা প্রতিকুর। সিপিএমের এক নেতার দাবি, প্রতিকুর অনেক দিন ধরেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পরিকল্পিত ভাবেই তিনি শাসকদলের হাত ধরেছেন।

প্রতিকুর রহমান গত বিধানসভা নির্বাচনে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে লড়েছিলেন। তার পরে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। কিন্তু বিপুল ভোটে হেরে গিয়েছিলেন। সূত্রের খবর, সেই সময় থেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছিল। নাম না প্রকাশ করার শর্তে সিপিএমের এক নেতার কথায়, তৃণমূলের সঙ্গে সখ‍্যতা রাখার কথা একাধিক বার তাঁরা জানতে পেরেছিলেন। তাঁর সঙ্গে দলের অভ‍্যন্তরেই মতপার্থক্য তৈরি হয়েছিল। দলের সম্পাদক মহম্মদ সেলিম তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু প্রতি বারই তিনি এড়িয়ে যান। 

সিপিএম যে তাঁকে ধরে রাখতে চেয়েছিল, তা গতকালই স্পষ্ট করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছিলেন, “এই রকম একজন তরুণ নেতাকে হারান মানে তার সন্তান হারানোর যন্ত্রণার সমান।" 

দলীয় সূত্রের খবর, প্রাক্তন সিপিএম নেতা তথা বর্তমানের তৃণমূলের রাজ‍্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁকে তৃণমূলে যোগদান করাতে মধ‍্যস্থতা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সিপিএম নেতার কথায়, এর পরেই তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের সঙ্গে বৈঠক করে তৃণমূলের যোগ দেওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়।

গত বিধানসভা নির্বাচনে একটি আসনও আসনেও জিততে পারেনি সিপিএম। বরং দলের ভোটব‍্যঙ্ক নিম্নমুখী হয়েছে। এমন পরিস্থিতিতে দলের নেতৃত্বে দিকে আঙুল উঠেছিল। এ দিন দলে যোগ দেওয়ার পরে প্রতিকুর রহমান বলেন, “সিপিএম দলে দমবন্ধ করা পরিস্থিতি হয়ে উঠেছে। একমাত্র তৃণমূলই বিজেপিকে হারাতে পারবে।" লোকসভা ভোটে নিজের প্রার্থী হয়ে ভোট হেরে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের এক মাস আগে আমি প্রার্থী হয়েছি। সবাই জানত আমি হেরে যাব।”

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কতদিন রাজনীতি করব জানি না। আমিতো কাল না থাকতে পারি। তাই বলে কালকেই রাজনীতি ছেড়ে দিচ্ছি এমনটা ভাবার কারণ নেই। তাই তরুণ প্রজন্মের যারা অন‍্য দলে রয়েছেন তাঁরা তৃণমূলে আসুন। আমার যতটা সামর্থ্য, আমি সুযোগ করে দেব।”

এ দিন প্রতিকুর রহমানকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এ-ও বলেন, "প্রতিকুর সাহস দেখিয়েছে। সিপিএমে যারা আছে তারা প্রতিকুরের মতো নেতা। সিপিএম এখন কোথাও নেই। শুধু সমাজমাধ্যম ও টিভির পর্দায় আছে।" তিনি এ-ও বলেন, "প্রতিকুর আমাকে বলেছেন, নির্বাচনে তিনি প্রার্থী হতে চাইছি না। ঋতব্রত যখন এসেছিল তখনও কিছু পেতে তৃণমূলে আসেনি।"

শাসকদল সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে লড়তে পারেন। তবে কোন আসনে তিনি প্রার্থী হবেন তা ঠিক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিকুর রহমান তৃণমূলে যোগ দেওয়ায় দক্ষিণ ২৪ পরগনার দলীয় রাজনীতিতে অন‍্য সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ওই জেলায় শওকত মোল্লা এবং জাহাঙ্গির খানের প্রভাব কিছুটা কম হতে চলেছে বলেও তাঁরা মনে করছেন।


Share