Congress Leader Arrested

মমতার সমর্থন ঘোষণার পরেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার, পুরনো একটি খুনের মামলায় পুলিশের জালে মিলল

কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “আচমকা মামলা হল! বিজেপি একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করতে চাইছে। এই দেশে বিরোধী রাজনীতি বলে কিছু থাকবে না।” তাঁদের দলীয় প্রার্থীকে গ্রেফতারির ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম
  • শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩০

নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করল পুলিশ। এ দিন সকালেই মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তার পরেই কংগ্রেসকে আসন্ন উপনির্বাচনে সমর্থন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই মিলন প্রধানকে গ্রেফতার করল পুলিশ। শনিবার মিলনকে হলদিয়া আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান পুরোনো একটি খুনের মামলায় অভিযুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেটাকেই ত্বরান্বিত করা হয়েছে। অন‍্য দিকে, শনিবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন রয়েছে। তার আগেই রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন বিধানসভা কেন্দ্র উপনির্বাচন নিয়ে উত্তাপ বেড়ল। তবে ঠিক কোন মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল তা স্পষ্টভাবে জানায়নি জেলা পুলিশ। জেলা পুলিশের সুপারকে ফোন করলেও তিনি ফোন তোলেননি। 

কংগ্রেসের বক্তব্য, নির্বাচনের আগে বিরোধী দল বলে কিছুই রাখতে চাইছে না বিজেপি। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “আচমকা মামলা হল! বিজেপি একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করতে চাইছে। এই দেশে বিরোধী রাজনীতি বলে কিছু থাকবে না।” তাঁদের দলীয় প্রার্থীকে গ্রেফতারির ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। 

মিলন প্রধান পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত রয়েছেন। এমনকী, নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে কংগ্রেস নেতা মিলন প্রধান যুক্ত ছিলেন। তাঁকে এ ভাবে গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপির সঙ্গে মাঠে লড়াই করতে পারে একমাত্র কংগ্রেস। বিজেপি তা বুঝতে পারছে।” দলের সাধারণ সম্পাদক আশুতোষের সংযোজন, “রাজ‍্যে যে তোলাবাজির শিল্প চলছে তা নিয়ে কেউ গ্রেফতার হচ্ছে না। সারদা-নারদায় মামলায় যাঁরা জড়িত তাঁদেরকে গ্রেফতার করা হচ্ছে না। একে বারেই মিলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গ্রেফতার করা হয়েছে।”

শুভেন্দুর ছেড়ে দেওয়া আসন নন্দীগ্রামে উপনির্বাচন রয়েছে আগামী ৬ অক্টোবর। শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে বিজেপি প্রার্থী করেছে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা হাসিরানিকে রেকর্ড ভোটে জয়ী করার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী প্রার্থী করেছিল নন্দীগ্রামের সঞ্চিতা প্রধান দে-কে।

কিন্ত গতকালই রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আসেন সঞ্চিতা প্রধান দে। তার পরেই শুক্রবার সকালে মনোনয়ন প্রত্যাহার করে নেন। তার পর বিজেপি তথা মুখ্যমন্ত্রীকে নিশানা করে মমতা জানান, তাঁরা নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার হয়ে গেলেন।


Share