Suvendu Adhikari

‘অগস্ট পড়লেই বালির ব‍্যাগের উৎসব হত,’ মমতাকে কটাক্ষ শুভেন্দুর, জেলার বন‍্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে বন‍্যা পরিস্থিতি নিয়ে শুভেন্দু মনে করেন, এমন ঘটনা ঘটবেই। তবে প্রত্যেক জিনিসের সীমাবদ্ধতা রয়েছে। জলাধারেরও সীমাবদ্ধতা রয়েছে। এই জন্য ‘চ্যালেঞ্জ’ বলে একটা শব্দ আছে। তাই চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়। পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তবে অযথা মানুষকে ভয় পেতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:১০

জেলায় বন‍্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত তা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। বিগত সরকারের মতো এই সরকার ‘ম‍্যান মেড বন‍্যা’ বলবে না। শুক্রবার জল সম্পদ ভবনে রাজ‍্যের বন‍্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে পূর্বতন সরকারের সমালোচনা করেন তিনি। তিনি জানিয়ে দিয়েছেন, কেন্দ্র বা দামোদর ভ‍্যালি কর্পোরেশনকে এই বিষয়ে দুষবেন না। সরকার ‘চ‍্যালেঞ্জ’ নিতে প্রস্তুত রয়েছে। যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেই প্রশাসন পৌঁছে গিয়েছে। কাউ কে ভয় পেতে নিষেধ করেছেন শুভেন্দু অধিকারী।

শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে রাজ‍্য সরকারের ছুটি রয়েছে। তার মধ্যেই মালদহ, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ার কিছু এলাকায় জল ঢুকে পড়েছে। অতিভারী বৃষ্টির জেরে ডিভিসি গত দু’দিন ধরে এক লক্ষ ২০ হাজার কিউসেক জল ছেড়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তা নিয়েই এই সমস্ত জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, মালদহের মানিকচকে এই নিয়ে তিন বছর গঙ্গাভাঙন দেখা দিয়েছে। সেখানকার ১৯টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। পরিস্থিতির ওপরে নজর রাখতে সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মুকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে সহযোগিতা করবেন স্থানীয় বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল। তবে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাঁরা মোতায়েন আছে। বর্তমানে ছোট নৌকা ব‍্যবহার করে জলবন্দিদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এ ছাড়াও, ডিভিসির জল ছাড়ার কারণে হাওড়ার আমতা এবং উদয়নারায়ণপুরের কিছু এলাকা জলমগ্ন হয়েছে। হুগলি গ্রামীণের খানাকুল, গোঘাট, আরামবাগের সাতটি ব্লক, ন’টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রভাব পড়েছে। তবে ঘাটালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায়, খানাকুল, জাঙ্গিপাড়া এবং উদয়নারায়ণপুরে বিপদসীমার ওপরে নদীর জল রয়েছে। আগের থেকে জল ছাড়ার মাত্রাও কমেছে। বৃষ্টিও কমেছে। যদি না নতুন করে বৃষ্টি হয় বিকেলের পর থেকে জল কমতে শুরু করবে। এখন যা পরিস্থিতি আছে সবটাই নিয়ন্ত্রণে আছে বলে স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, “কন্ট্রোলে আছে। সরকারের যা করণীয়, তাই করা হচ্ছে। কোথাও কোনও খামতি রাখছি না।”

বন‍্যা পরিস্থিতি নিয়ে পূর্বতন তৃণমূল পরিচালিত সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মনে করেন, মানুষ তাঁদের সুযোগ দিয়েছিল। কিন্তু কাজ করেনি। তাই চলে যেতে হয়েছে। এখন মানুষ (বিজেপিকে) সুযোগ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাহায্য নিয়ে কাজ করব। তিনি বলেন, “সবকটি রাজ‍্যের কাছ থেকে সাহায্য নিয়ে আমরা কাজ করব। তবে তাঁদের কাছ থেকে আর্থিক সাহায্য নেব না। আন্তরাজ‍্য যে কাজ হয় সে ভাবেই করব। কিছু তো সুরাহা হবে। আমরা মানুষের কাজ করার জন্যই তো এখানে এসেছি।”

পাশাপাশি ডিভিসি-র প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। ওই প্রেক্ষিতে তিনি খোঁচা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “ডিভিসি ভাল কাজ করছে। বেঙ্গল ক্যাডারের আইএএস রাজেশ পাণ্ডে চেয়ারম্যান হয়েছেন। এখনও একটাও বাঁধ ভাঙেনি।”

এর পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, “অন্যান্য বছর এই জুলাই-অগস্টে তো পঁচিশ জায়গায় উৎসব হয়ে যেত বালির ব্যাগের। ড্যামের ক্যাপাসিটির বাইরে বৃষ্টি হলে তো জল ছাড়বেই! তার মোকাবিলাও করতে হবে! আমরা সামলে নেব।!” তিনি আরও বলেন, “সেপ্টেম্বরের শেষ অর্থাৎ পুজোর আগে নজর রাখার বিষয় আছে। আর ইনসিডেন্ট তো হবেই। ড্যামে অতিরিক্ত জল জমা হলে জল ছাড়বে (ডিভিসি)। তার জন্য ‘কেন্দ্র জল ছেড়ে দিয়েছে’, ‘ডিভিসি জল ছেড়ে দিয়েছে’, ‘ম্যান মেড বন্যা’, ‘আমি ভাল, সবাই খারাপ’, এ সব কথা তো আমি বলব না।”

রাজ্যে বন‍্যা পরিস্থিতি নিয়ে শুভেন্দু মনে করেন, এমন ঘটনা ঘটবেই। তবে প্রত্যেক জিনিসের সীমাবদ্ধতা রয়েছে। জলাধারেরও সীমাবদ্ধতা রয়েছে। এই জন্য ‘চ্যালেঞ্জ’ বলে একটা শব্দ আছে। তাই চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়। পরিস্থিতির মোকাবিলা করতে হয়। তবে অযথা মানুষকে ভয় পেতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share