Suvendu Adhikari

সবুজসাথী’র বদলে ‘সারথি’, অষ্টম শ্রেণিতেই মিলবে উন্নত মানের সাইকেল ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী হাইস্কুলে নতুন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্যজুড়ে ১২.৫৯ লক্ষ পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পাবে।

সবুজসাথী’র বদলে ‘সারথি ঘোষণা মুখ্যমন্ত্রীর।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫৮

‘সবুজসাথী’র বদলে এবার ‘সারথি’। বদলেছে রাজ্যের শাসকভার। সেই সঙ্গে বদলেছে প্রকল্পের নাম, রং এবং সাইকেলের নকশাও। নীল রং ও বিশ্ববাংলার লোগোর পরিবর্তে সাইকেলে থাকছে গেরুয়া রং। পাশাপাশি আগের তুলনায় আরও উন্নত মানের সাইকেল দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার।

মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী হাইস্কুলে ‘সারথি’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০১৫ সালে ‘সবুজসাথী’ প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ নেয় তৎকালীন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। নবম শ্রেণিতে উঠলেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারা এই সুবিধা পেতেন। এ বার সেই প্রকল্পেই বড়সড় বদল। ‘সবুজসাথী’র পরিবর্তে প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে ‘সারথি’। নতুন লোগো দিয়ে প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এবার অষ্টম শ্রেণির পড়ুয়াদেরই ‘সারথি’ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে মোট ১২.৫৯ লক্ষ পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পাবে।

প্রকল্পের সূচনার পর স্কুলপড়ুয়াদের সঙ্গে একই টেবিলে বসে মধ্যাহ্নভোজ করেন শুভেন্দু। পড়ুয়াদের সঙ্গে খাওয়াদাওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে বেশ কিছুটা সময়ও তিনি কাটান।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কথা দিয়েছিলাম, নতুন প্রকল্প চালু হবে। শুধু নাম-লোগো পরিবর্তন নয়, গুনমান পরীক্ষার ব্যবস্থা থাকবে। সাইকেলে উপযুক্ত আলো এবং টায়ারের ব্যবস্থা হয়েছে। মান বাড়ানো হয়েছে। স্কুলপড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে এটা আমরা করেছি।”

আগের সরকারের উদ্দেশে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেকে প্রশ্ন তুলেছিলেন, বন্ধ প্রকল্প চালু হবে কি না। আমরা চালু করলাম। আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আত্মীয়রা এই কাজ করতেন। আমরা সব পালটে দিয়েছি। আগে পাঞ্জাব থেকে যন্ত্রাংশ এনে এখানে সাইকেল তৈরি হতো। এবার থেকে সব এখানেই তৈরি হবে। সাইকেল কারখানার জন্য জমি দেব।”

রাজ্যের নতুন বিজেপি সরকারের দাবি, আগের বিভিন্ন সামাজিক প্রকল্পে ওঠা দুর্নীতির অভিযোগের বদনাম কাটাতেই প্রকল্পগুলিতে পরিবর্তন আনা হচ্ছে। সেই ধারাতেই ‘সবুজসাথী’র নাম, লোগো এবং সাইকেলের মান বদলে ‘সারথি’ প্রকল্প চালু করা হল।


Share