Jagadhatri Puja

রাজ্য উৎসবের স্বীকৃতি ঘিরে বাড়তি প্রস্তুতি, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ভিআইপি প্রবেশ নিষিদ্ধ, ডিজে-আতশবাজিতেও নিষেধাজ্ঞা

রাজ্য উৎসবের স্বীকৃতির পর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক কড়া নির্দেশিকা জারি কেন্দ্রীয় পুজো কমিটির। এবার কোনও মণ্ডপে থাকছে না ভিআইপি প্রবেশের সুযোগ। শোভাযাত্রা ও নিরঞ্জনে ডিজে-আতশবাজি নিষিদ্ধ করার পাশাপাশি ২৫টি সেক্টরে ভাগ করে ২০০ জন কর্মীর তত্ত্বাবধানে চলবে উৎসব পরিচালনা।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো।
নিজস্ব সংবাদদাতা, চন্দননগর
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০৬:০৪

এবছর রাজ্য উৎসবের তকমা পেয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। ফলত প্রত্যাশা অনেকটাই বেড়েছে। উৎসবের আয়োজনে রাজ্য সরকারের তরফে ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে ঐতিহ্যবাহী এই উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে নিরাপত্তা ও শৃঙ্খলার উপর বিশেষ জোর দিচ্ছে কেন্দ্রীয় পুজো কমিটি। দুর্গাপুজোয় চোরবাগানের ঘটনা পুজো কমিটি গুলিকে শিক্ষা দিয়েছে। ফলত দর্শনার্থীদের ভিড় সামলানো থেকে শুরু করে শোভাযাত্রা এবং প্রতিমা নিরঞ্জন, প্রতিটি ক্ষেত্রেই একাধিক নতুন নিয়ম চালু করা হচ্ছে। এবার চন্দননগরের কোনও পুজো মণ্ডপেই থাকছে না ভিআইপি প্রবেশের ব্যবস্থা। পাশাপাশি শোভাযাত্রা ও নিরঞ্জনের সময় ডিজে বাজানো এবং আতশবাজি ব্যবহারেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম আকর্ষণ তার বর্ণাঢ্য শোভাযাত্রা ও চোখধাঁধানো আলোকসজ্জা। দেশ-বিদেশের বহু মানুষ এই উৎসব দেখতে ভিড় করেন। রাজ্য উৎসবের স্বীকৃতির পর সেই আয়োজনের গুরুত্ব আরও বেড়েছে। তাই ভিড় নিয়ন্ত্রণ এবং শোভাযাত্রার গতিপথ সুশৃঙ্খল রাখতে এবার নতুন করে পাঁচটি সেক্টর তৈরি করেছে কেন্দ্রীয় পুজো কমিটি। আগে ২০টি সেক্টর থাকলেও এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৫। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ইনচার্জ। তাঁদের সঙ্গে থাকবেন ১৭৫ জন স্বেচ্ছাসেবক। অর্থাৎ শোভাযাত্রা পরিচালনার কাজে মোট ২০০ জন দায়িত্বপ্রাপ্ত কর্মী রাস্তায় থাকবেন।

প্রতিমা নিরঞ্জনের জন্যও ঘাটের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। চন্দননগর থানার অধীনে আটটি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ছয়টি ঘাটে নিরঞ্জনের ব্যবস্থা থাকবে। এর বাইরে অন্য কোনও ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হবে না। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি পুজো মণ্ডপের ভিতরে প্রতিমার দিকে নজর রেখে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে। কোনও পুজো কমিটি ভিআইপি গেট বা পাস রাখতে পারবে না। শব্দদূষণ নিয়ন্ত্রণে সাউন্ড ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট বিধিনিষেধ মানতে হবে। ডিজে সাউন্ডের ক্ষেত্রে থাকছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।

শোভাযাত্রা ও নিরঞ্জনের সময় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতেও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রতিটি পুজো কমিটিকে প্রতিমা বহনকারী গাড়িতে দুটি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখতে হবে। শুধু শোভাযাত্রাই নয়, পুজোর উদ্বোধন, পুজোর দিন এবং নিরঞ্জনের সময়ও কোনও ধরনের আতশবাজি পোড়ানো বা ফাটানো যাবে না।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এবছরের শোভাযাত্রার বিস্তারিত পরিকল্পনা ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেন কেন্দ্রীয় পুজো কমিটির সদস্যরা। কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানান, আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে শোভাযাত্রা ও নিরঞ্জন পর্ব। এবছর মোট ৬৮টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে। তার মধ্যে চন্দননগর থানার আওতায় ৫৬টি এবং ভদ্রেশ্বর থানার আওতায় ১২টি কমিটি রয়েছে। সব মিলিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা ২৪৫টি লরির। এর মধ্যে চন্দননগর থানার অধীনে থাকবে ২০১টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ৪৪টি লরি।

এদিকে রাজ্য উৎসবের মর্যাদা পাওয়ায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেন্দ্রীয় পুজো কমিটির প্রধান উপদেষ্টা তথা চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। তাঁর কথায়, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে 'স্টেট ফেস্টিভ্যাল'-এর সম্মান দেওয়ায় তাঁরা সকলেই কৃতজ্ঞ।

উল্লেখ্য, আগামী শুক্রবার, ১৩ নভেম্বর চন্দননগরের প্রাচীনতম আদি মায়ের পুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন তাঁর হাতেই জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্বোধন উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সের ধাঁচে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেও জানা গিয়েছে।


Share