Road Accident

দক্ষিণ ২৪ পরগনায় বাস দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত্যু কন্ডাক্টরের, জখম একাধিক

বাস সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বারবার অভিযোগ জানানো হলেও রাস্তা সংস্কারে প্রশাসনের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।

মন্দিরবাজারে বাস দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ০২ আগস্ট ২০২৬ ০১:৪০

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার গাববেড়িয়া এলাকায় রবিবার সকালে ঘটে গেল পথ দুর্ঘটনা। পিছন থেকে আসা একটি দুধবাহী গাড়িকে পাশ দিতে গিয়ে একটি বাস সজোরে একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের কন্ডাক্টরের। মৃতের নাম খোকন সর্দার (৫৭)। এ ছাড়াও, বাসে থাকা কয়েক জন যাত্রী গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে জুমাই নস্কর এলাকা থেকে যাত্রী নিয়ে বাসটি লক্ষ্মীকান্তপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। বাসটি গাববেড়িয়ার কাছে পৌঁছোলে পিছন থেকে আসা একটি দুধবাহী গাড়িকে রাস্তা ছেড়ে দিতে যায়। তখনই বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই রাস্তার ধারের একটি গাছে বাসটির সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনার পর আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ দিকে বাস সংগঠনের অভিযোগ, যে রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে, তার একটি অংশ দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের দাবি, রাস্তার এই খারাপ অবস্থার কারণেই ওই এলাকায় প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।


Share