Eviction

হাবড়া স্টেশনে মধ্যরাতের বুলডোজার অভিযান! রেলের জমি থেকে উচ্ছেদ শতাধিক অবৈধ দোকান, ভাঙা হল পার্টি অফিসও

এরপর একে একে ভেঙে ফেলা হয় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থায়ী কাঠামো। রেলের দাবি, বহু বছর ধরে ওই জমিতে বেআইনি দখল চলছিল এবং কয়েকটি পাকা ঘরও নির্মাণ করা হয়েছিল।

হাবড়া স্টেশনে চালানো হল বুলডোজার অভিযান।
নিজস্ব সংবাদদাতা, হাবড়া
  • শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১০:৩৮

হাবড়া স্টেশন চত্বরে অবৈধ দখল উচ্ছেদে সোমবার গভীর রাতে বুলডোজার অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। আগে থেকেই ১৫ জুনের মধ্যে রেলের জমি খালি করার নোটিশ দেওয়া হলেও বহু হকার দোকান সরাননি বলে অভিযোগ। শেষ পর্যন্ত সোমবার রাতেই কেন্দ্রীয় বাহিনী, জিআরপি এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে শুরু হয় উচ্ছেদ অভিযান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ স্টেশন চত্বর ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। মাইকিং করে হকারদের এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়। এরপর একে একে ভেঙে ফেলা হয় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থায়ী কাঠামো। রেলের দাবি, বহু বছর ধরে ওই জমিতে বেআইনি দখল চলছিল এবং কয়েকটি পাকা ঘরও নির্মাণ করা হয়েছিল।

অভিযোগ, রেলের জমিতে সিপিএমের একটি পার্টি অফিসও ছিল। উচ্ছেদ অভিযানে সেটিও ভেঙে দেওয়া হয়। এর প্রতিবাদে বাম কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাগ্‌বিতণ্ডাও হয়।

উত্তর ২৪ পরগনার অন্যতম ব্যস্ত স্টেশন হাবড়ায় প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত। দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে গড়ে ওঠা অসংখ্য দোকানপাটের কারণে যাত্রীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল বলে অভিযোগ। সেই কারণেই রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে নামিয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এর আগেও হাওড়া, শিয়ালদহ, যাদবপুর ও দমদম স্টেশন চত্বরে একই ধরনের অভিযান চালিয়েছে রেল। তবে ক্ষতিগ্রস্ত দোকানদারদের একাংশের দাবি, জীবিকার বিকল্প ব্যবস্থা না করেই এভাবে উচ্ছেদ করা অন্যায়। রুটিরুজির প্রশ্ন তুলে বিভিন্ন জায়গায় বিক্ষোভও শুরু হয়েছে।


Share