Snatching

প্ল্যাটফর্মে একা বয়স্ক মহিলাদের নিশানা, এক লক্ষ টাকার টোপ দিয়ে সোনার গয়না হাতাত পকেটমাররা! বনগাঁ জিআরপির জালে প্রতারণা চক্র

ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে এক অভিনব কৌশলে হাতিয়ে নিত সোনার গয়না। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন রেলস্টেশনে এভাবেই প্রতারণার কারবার চালাচ্ছিল একটি চক্র।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ০৩:৪৫

রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন বয়স্ক মহিলারা। তাঁদের সঙ্গে প্রথমে আলাপ জমাত দুষ্কৃতীরা। ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে এক অভিনব কৌশলে হাতিয়ে নিত সোনার গয়না। দীর্ঘদিন ধরে একটি চক্র জেলার বিভিন্ন রেলস্টেশনে এভাবেই প্রতারণার কারবার চালাচ্ছিল। অবশেষে সেই প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বনগাঁ জিআরপি থানার পুলিশ। তদন্তে নেমে তদন্তকারীরা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বনগাঁ জিআরপি তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, বেছে বেছে দুষ্কৃতীরা বয়স্ক মহিলাদেরই নিশানা করত। মূলত রেলস্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষারত মহিলাদের সঙ্গে তাঁরা প্রথমে আলাপ জমাত। এরপর কথাবার্তার মাধ্যমে তাঁদের বিশ্বাস অর্জন করে প্রতারণার ফাঁদ পাতত।

প্রতারণার কৌশলও ছিল অভিনব। দুষ্কৃতীরা কাগজের টুকরো দিয়ে টাকার মতো বান্ডিল তৈরি করত। বান্ডিলের উপরে ও নীচে থাকত আসল নোট, কিন্তু ভিতরে থাকত শুধুই কাগজ। এরপর ওই বান্ডিল বয়স্ক মহিলাদের হাতে দিয়ে দাবি করত, তার ভিতরে এক লক্ষ টাকা রয়েছে। জরুরি কাজের অজুহাত দেখিয়ে বলত, কিছুক্ষণের জন্য টাকাগুলি তাঁদের কাছে রেখে যেতে চায়। বিনিময়ে মহিলাদের সোনার গয়না নিজেদের কাছে জমা রাখতে চাইত তারা। পরে গয়না ফেরত দিয়ে টাকা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিত। কিন্তু সময় পেরিয়ে গেলেও আর ফিরত না দুষ্কৃতীরা। বান্ডিল খুলতেই বেরিয়ে আসত কাগজের টুকরো। এভাবেই বিভিন্ন স্টেশনে একের পর এক প্রতারণার ঘটনা ঘটাচ্ছিল চক্রটি।

অন্য দিকে, চোরাই সোনার গয়না কেনার অভিযোগে হাবরার সোনাপট্টিতে অভিযান চালিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বনগাঁ জিআরপি। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম ভোলা কর্মকার ওরফে রাজু। শনিবার তাঁকে বনগাঁ আদালতে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

ধৃত স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা চক্রের কী যোগ রয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জেলার অন্যান্য রেলস্টেশনেও এই চক্রের সদস্যরা প্রতারণা চালিয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চলছে।


Share