Doctor Suicide

নাগেরবাজারের হোস্টেল থেকে চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার, দেহে আঘাতের চিহ্ন রয়েছে, দাবি পুলিশ সূত্রের

জানা গিয়েছে, অভিজিৎ সরকার এনআরএস মেডিকেলের হাউসস্টাফ ছিলেন। রবিবার রাত ১০টা নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। হোস্টেলের ঘর থেকেই তাঁর মৃতদেহ দেখতে পান বাকি আবাসিকেরা। তাঁরাই পুলিশকে খবর দেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ১২:১৭

কালীপুজোর রাতে নাগেরবাজারের হোস্টেল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অভিজিৎ সরকার (২৮)। দেহ উদ্ধার করে আরজি কর মেডিকেলে আনা হয়েছে। প্রাথমিকভাবে দেহে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। খুন না আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

জানা গিয়েছে, অভিজিৎ সরকার নদিয়ার কালিগঞ্জের বাসিন্দা।তিনি এনআরএস মেডিকেলের হাউসস্টাফ ছিলেন। রবিবার রাত ১০টা নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। হোস্টেলের ঘর থেকেই তাঁর মৃতদেহ দেখতে পান বাকি আবাসিকেরা। তাঁরাই পুলিশকে খবর দেন।

তার কিছু ক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে আসে। মৃতদেহ উদ্ধার করে আরজি কর মেডিকেলের নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই সোমবার দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ সূত্রের খবর, অভিজিতের দেহে কিছু আঁচড়ের চিহ্ন পাওয়া গিয়েছে। খুন না আত্মহত্যা এ থেকে সিদ্ধান্তে পৌঁছোনো যাবে না বলেই তাঁরা মনে করছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে পুলিশ মনে করছে।

পুলিশ সূত্রের এ-ও জানা গিয়েছে, হোস্টেলের ঘর থেকে চিৎকার শোনা গিয়েছে। সেই চিৎকার শোনার পরে কেউ সেখানে গিয়েছিল কি না তা-ও তদন্তের আয়তায় আনা হতে পারে। হোস্টেলের অন‍্যান‍্য আবাসিকদের সঙ্গে পুলিশ কথা বলছে।

ব‍্যারাকপুর পুলিশের এক কর্তা জানান, দেহ আরজি কর মেডিকেলে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

পরিবারের দাবি, ঘটনার তদন্ত করুক পুলিশ। তাঁদের ছেলে কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বিষয়টি তদন্তের আয়তায় আনা হোক। তবে এখনও পর্যন্ত কোনও অভিযোগ নাগেরবাজার থানায় দায়ের হয়নি। পুলিশ রহস‍্যমৃত‍্যুর মামলা দায়ের করেছে।


Share