Body Recovery

কল্যাণীতে রেল লাইনের মাঝে অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

নদিয়ার কল্যাণীর এ ব্লক বাজার সংলগ্ন রেললাইন থেকে সোমবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

রাস্তার ধারে একটি স্কুটি উদ্ধার করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কল্যাণী
  • শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৫:৩৮

এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে নদিয়ায়। সোমবার সকালে নদিয়ার কল্যাণীর এ ব্লক বাজার সংলগ্ন রেল লাইনে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি কল্যাণী স্টেশন থেকে সীমান্তমুখী রেল লাইনের উপর অবস্থিত।

প্রথম বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তড়িঘড়ি পুলিশ ও কল্যাণী জিআরপি-কে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেল লাইনের মাঝখানে ওই ব্যক্তির মৃতদেহ মুখ থুবড়ে পড়ে ছিল। ঘটনাস্থলের কাছেই রাস্তার ধারে একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। স্কুটিটিতেও রক্তের দাগ মিলেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। এই সূত্র ধরেই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

এ দিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি শুধুমাত্র দুর্ঘটনা নয়। হয়তো পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে। তাঁদের অনুমান, অন্য কোথাও হত্যার পর প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে দেহটি রেল লাইনে ফেলে রাখা হয়েছে।

তবে পুলিশ এখনও কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন—সব দিক থেকেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তদন্তকারীদের মতে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।


Share