Body Recovery

নবান্নের কাছে রাস্তা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, খুন নাকি দুর্ঘটনা! মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য

মৃতের মাথায় আঘাতের চিহ্ন এবং পাশে লোহার পেরেক পড়ে থাকায় মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। তবে পুলিশের অনুমান এটি দুর্ঘটনা হতে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ০৬:১৮

নবান্নের কাছেই রাস্তা থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। রবিবার হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই স্থানীয়দের একাংশ মৃত্যুর পিছনে খুনের আশঙ্কা করছেন। যদিও দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলেও মনে করছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবান্ন থেকে প্রায় ১৫০ থেকে ২০০ মিটার দূরে দু’টি বহুতলের মাঝের একটি রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। মৃতের নাম অঞ্জন চক্রবর্তী নাম। তিনি স্থানীয় বাসিন্দা। বয়স আনুমানিক ৩৫ বছর। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর মাথা থেকে রক্ত বেরোচ্ছিল। মাথায় আঘাতের চিহ্নও ছিল। দেহের পাশে কয়েকটি লোহার পেরেক পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক নেশা করতেন। নেশাগ্রস্ত অবস্থায় কোনও ভাবে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।


Share