Special Intensive Revision

ভোটার তালিকায় বাবার থেকে মেয়ে পাঁচ বছরের বড়! শুনানিতে তবল করতেই কালীগঞ্জের বিএলও-কে বেধড়ক মারধর

জখম বিএলও বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কালীগঞ্জ থানার অভিযোগ দায়ের করেছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। যদিও ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

জখম বিএলও-র নাম সাহেব আলি শেখ।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৩

রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানি শেষ হয়েছে। তথ‍্যগত অসঙ্গতি বা লজিক‍্যাল ডিসক্রিপেন্সির জন‍্য শুনানিতে ডাকায় বুথ স্তরের আধিকারিক বা বিএলও-কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল নদিয়ায়। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

নদিয়ার কালীগঞ্জে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, কালীগঞ্জ ব্লকের আশাচিয়া গ্রামের ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ওই গ্রামের ৮০ নম্বর বুথের ভোটার আরিফা বিবিকে ডাকা হয়েছিল। কমিশনের তথ্য অনুযায়ী, আরিফা বিবি তাঁর বাবার থেকে ৫ বছরের বড়।তাই তাঁর তথ‍্যগত অসঙ্গতি বা লজিকাল ডিসক্রিপেন্সি রয়েছে। তাই তাঁকে কমিশন শুনানিতে নথিপত্র সমেত তলব করে।

ওই বুথের বিএলও সাহেব আলি শেখ তাঁর নথিপত্র যাচাই করে। তাঁর মতে আরিফা বিবি অবৈধ ভোটার। বিএলও-র দাবি, তিনি এ কথা কমিশনকে জানান। বিএলও সাহেব আলি শেখের অভিযোগ, তার পরেই আরিফার স্বামী আইতুল্লা শেখ ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার জন্য তাঁকে চাপ দেয়। এমনকী, ভোটার তালিকায় নাম তুলে দিলে টাকা দেবে বলেও দাবি করে আইতুল্লা শেখ। তা অস্বীকার করায় আইতুল্লা শেখ-সহ কয়েক জন তাঁর ওপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয়। মারের চোটে মাথা ফেটে গিয়েছে বিএলও-র।

তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কালীগঞ্জ থানার অভিযোগ দায়ের করেছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। যদিও ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।


Share