Bomb Blast

মধ‍্যরাতে কুলপির তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ! উড়ে গেল টিনের ছাউনি, ঘটনাস্থলে পুলিশ

কুতুবউদ্দিনের অভিযোগ উড়িয়ে আইএসএফের দাবি, ভোটের আগে এলাকায় বোমা মজুত করছিল তৃণমূল। সেই বোমাই ফেটে এই ঘটনা ঘটেছে। এখন ঘটনা ঘোরাতে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে তৃণমূল।

দুমড়ে-মুচড়ে গিয়েছে তৃণমূল নেতার গাড়ি।
নিজস্ব সংবাদদাতা, কুলপি
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১২:২২

গাড়িতে জোরালো বিস্ফোরণে উড়ে গিয়েছে টিনের ছাউনি। শুক্রবার মধ্যরাতে কুলপির তৃণমূল নেতার গাড়িতে বিস্ফোরণ হয়। গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ি। কী থেকে বিস্ফোরণ তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে কুলপি থানার পুলিশ।

গাড়িটি তৃণমূল নেতা কুতুবুদ্দিন পাইকের নামে ছিল বলে জানা গিয়েছে। কুতুবুদ্দিন পাইক কুলপির গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে তৃণমূলের বুথের সভাপতি। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার মধ‍্যরাতে ঘটনাটি ঘটেছে বলে। বিস্ফোরণের প্রতিঘাতে অ্যাসবেস্টসের ছাউনিও ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কুতুবুদ্দিনের গাড়িও দুমড়ে-মুচড়ে গিয়েছে।

কুতুবুদ্দিনের গাড়িতে বিস্ফোরণের ঘটনায় আইএসএফ এবং কংগ্রেসের দিকে আঙুল তুলেছে তৃণমূল নেতা কুতুবুদ্দিন পাইক। অভিযোগ, বিরোধীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তাঁর গাড়িতে কারা বিস্ফোরণ ঘটাতে পারে? প্রশ্নের উত্তরে তৃণমূল ওই নেতা বলেন, “যারা বিস্ফোরণ ঘটিয়েছে, তারা বিরোধী দল করে আইএসএফ, কংগ্রেস। আমরা চাইছি, যারা করেছে, তাদের খুঁজে বের করতে হবে।”

কুতুবউদ্দিনের অভিযোগ উড়িয়ে আইএসএফের দাবি, ভোটের আগে এলাকায় বোমা মজুত করছিল তৃণমূল। সেই বোমাই ফেটে এই ঘটনা ঘটেছে। এখন ঘটনা ঘোরাতে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে তৃণমূল।

এদিকে, পুলিশ ঘটনাস্থল ঘিরে দিয়েছে। গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িতে বিস্ফোরণ কীভাবে হল, তা খতিয়ে দেখছে। এখনই এই বিস্ফোরণের কারণ নিয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি। তবে ভোটের আগে এভাবে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।


Share