BJP Worker Beaten

বিজেপির মহিলা সমর্থককে লাইট পোস্টে বেঁধে মারধর, কেটে দেওয়া হল মাথার চুল! টালিগঞ্জ থেকে গ্রেফতার তৃণমুল কর্মী তারিফুদ্দিন সর্দার

ঘটনার পরে নরেন্দ্রপুর থানায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যেই এই তারিফুদ্দিন সর্দারকে টালিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতকে আদালতে হাজির করানো হবে। বাকি ১২ জনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

বিজেপির মহিলা কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগের গ্রেফতার এক যুবক।
নিজস্ব সংবাদদাতা, নরেন্দ্রপুর
  • শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ০২:৩১

মহিলাকে লাইট পোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ। গত শুক্রবার নরেন্দ্রপুরে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত মহিলা বিজেপির সমর্থক বলে জানা গিয়েছে। ঘটনায় মোট ১৩ জনের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার রাতে টালিগঞ্জ এলাকা থেকে তারিফুদ্দিন সর্দার নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গত বছরে ৩ সেপ্টেম্বর তাঁদের ওপর হামলা হয়েছিল। নিরাপত্তার আশঙ্কায় তাঁরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। পরে পুলিশের হস্তক্ষেপে ৯ সেপ্টেম্বর বাড়িতে পুনরায় ফিরে আসেন। কিন্তু তার পর থেকে লাগাতার হুমকি তাঁদের দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন। 

অভিযোগ, শুক্রবার একদল  দুষ্কৃতী তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। জোরপূর্বক ওই মহিলাকে বাড়ি থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে আসা হয়। এর পরে একটি লাইট পোস্টের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এমনকী, ওই বিজেপির মহিলা কর্মীর মাথার চুলও কেটে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মহিলার গলায় দড়ির ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করা হয়েছে। ব্লেড দিয়ে জিভ কেটে দেওয়ার চেষ্টা করা হয়েছে। চিৎকার শুনে স্থানীয়েরা এগিয়ে এলে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয় বলে দাবি করেছে পরিবার।

ঘটনার পরে নরেন্দ্রপুর থানায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যেই এই তারিফুদ্দিন সর্দারকে টালিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতকে আদালতে হাজির করানো হবে। বাকি ১২ জনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। 

আক্রান্তের পরিবার জানিয়েছে, অভিযুক্তেরা সকলেই প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগমের অনুগামী। যদিও এই বিষয়ে ফিরদৌসি বেগমকে ফোন করা হলে তিনি ফোন তোলেননি। বিজেপির এক নেতা জানিয়েছে, ভোটে হারার পরেও এদের এখনও লজ্জা আসেনি। এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতেই এই ঘটনা পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। 


Share