Allegation On BJP Worker

কলকাতার পানশালায় ঢুকে দাদাগিরি উত্তরপাড়ার বিজেপি বিধায়কের ঘনিষ্ঠের! পুলিশের উর্দি ধরে টানাটানি, গ্রেফতার হয়েও জামিন

আদালতে পুলিশের দাবি ছিল, ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। ধৃতদের জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। যদিও চার জনই এক হাজার টাকার জামিনে মুক্ত রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আপ্তসহায়ক আকাশ রায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৫

কলকাতায় পানশালায় ঢুকে মদ‍্যপ অবস্থায় তান্ডব চালিয়েছিল বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ ও তাঁর দলবল। পার্ক স্ট্রিটের একটি পানশালায় ঘটনাটি ঘটেছে। ঝামেলা বন্ধ করতে গিয়ে এক পুলিশকর্মীর উর্দি ছিঁড়ে দেওয়ারও অভিযোগ করা হয়েছে। ঘটনায় বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ-সহ চার জনকে পার্ক স্ট্রিট থানায় পুলিশ গ্রেফতার করেছিল। পুলিশকে হেনস্থা করেও তাঁরা অবশ্য বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন।

জানা গিয়েছে, গত ২৩ অগস্ট ভোর ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে। পার্ক স্ট্রিট থানার অন্তর্গত রফি আহমেদ কিদওয়াই রোডের কেজিএফ নামক একটি পানশালায় উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর ঘনিষ্ঠ আকাশ রায় তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে ফুর্তি করতে গিয়েছিলেন। মদ‍্যপানের কোনও এক পর্যায়ে পানশালার কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। তা থেকে পানশালার কর্মীদের মারধরও করা হয়। সেই সময় টহলরত পার্ক স্ট্রিট থানার কর্মীদের কাছে খবর আসে। তাঁরা সেখানে পৌঁছে ঝামেলা প্রশমিত করার চেষ্টা করেন। কিন্তু মদ‍্যপ বিজেপি নেতা কর্তব্যরত পুলিশকর্মীদের উর্দি ছিঁড়ে দেন। পুলিশকর্মীদের ধাক্কা দেন বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পরে অভিযুক্ত বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর ঘনিষ্ঠ নেতা আকাশ রায়, উজ্জ্বল রায়, রাজীব সাহা এবং সৌরভ মাপদারকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাঁদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে। অভিযুক্তেরা সকলেই হুগলির কোন্নগড়ের এস সি চ‍্যাটার্জি রোডের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে জনসাধারণের শান্তি ভঙ্গ, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ভারতীয় ন‍্যায় সংহিতার ১২৬ (২) এবং ১৩২ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় পানশালার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আদালতে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করা হয়েছে।

আদালতে পুলিশের দাবি ছিল, ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। ধৃতদের জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। যদিও চার জনই এক হাজার টাকার জামিনে মুক্ত রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কিছু দিন আগেই হাওড়ার বালিতে একটি বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়কের আপ্তসহায়ক আকাশ। অন‍্য দিকে, তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানের আপ্তসহায়কের বিরুদ্ধে ২০ লক্ষ টাকা তোলার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। কিছু দিন আগে, রাজ্যর মন্ত্রী অজয় পোদ্দারের ছেলে কেশব পোদ্দারের বিরুদ্ধে কয়লা মাফিয়াদের সঙ্গে বৈঠক করে কয়লার রেট ঠিক করার অভিযোগ উঠেছিল। তোলাবাজির অভিযোগে নিমতার বিজেপির মন্ডলের যুবমোর্চার সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। একের পর এক অভিযোগ ওঠায় দল বিড়ম্বনায় পড়েছে।


Share