Baruipur Incident

বারুইপুরের গণপিটুনি এবং ভাঙচুরের ঘটনায় সারা রাত পুলিশের অভিযান, গ্রেফতার ২০ জন, হাজির করানো হবে আদালতে

সূত্রের খবর, সারা রাত বারুইপুর এবং তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃতদের বারুইপুর আদালতে হাজির করাবে পুলিশ।

বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ০২:১৩

রবিবার সকালে বারুইপুরের সূর্যপুরে কিশোরীর বস্তাবন্দি দেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। ঘটনায় অভিযুক্ত সন্দেহে যুবককে গণপিটুনি দিতে হত‍্যা করা হয়। এ বার সেই ঘটনায় অভিযুক্তদের ধরপাকড় শুরু করল পুলিশ। সূত্রের খবর, সারা রাত বারুইপুর এবং তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃতদের বারুইপুর আদালতে হাজির করাবে পুলিশ।

কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি আরও তিনটি এফআইআর দায়ের করা হয়। একটি ইন্দ্রজিৎ তাঁতি নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত‍্যা, অপর দু’টি— পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ। পুলিশ সূত্রের জানা গিয়েছে, এই তিনটি মামলায় অভিযুক্তদের জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ‍্য পুলিশের এসটিএফ এবং এসওজি সারা রাত বারুইপুর এবং তার আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বুধবারই আদালতে হাজির করানো হবে।

আন্দোলনের নামে ইন্দ্রজিৎ তাঁতিকে গণপিটুনি দিয়ে হত‍্যার পিছনে সাম্প্রদায়িকতা রয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘটনা নিয়ে কাউকে রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সোমবার তিনি বলেছিলেন, “এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদেরকে ভুগতে হবে।”

গতকাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে পুলিশ সুপারের অফিসে যান। সেখানে রাজ‍্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে মুখ‍্যমন্ত্রী জানান, “পুলিশ ২০০ জনকে সিসি ক্যামেরা দেখে চিহ্নিত করা হয়েছে। কাউকে রেয়াত করা হবে না।” একই সঙ্গে যারা উস্কানি দিয়েছে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এই ঘটনায় নেপথ্যে রাজনৈতিক উস্কানি রয়েছে। নাম না করে তৃণমূল এবং সিপিএমকে নিশানা করে বলেন, “পুলিশকে নির্দেশ দিয়েছি, যারা তান্ডব চালিয়েছেন তাদের বিরুদ্ধে খুনের মামলা যুক্ত করতে হবে। যে বা যারা সমাজমাধ‍্যমে দর্শক বৃদ্ধির জন‍্য তা প্রচার করেছে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না।”


Share