Rape

বারুইপুরে ফের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ! খাবারের প্রলোভন দেখিয়ে শিয়ালদহ থেকে নিয়ে যাওয়ার দাবি, স্থানীয়দের তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত

এরপর দু'জনকে আটকে রেখে পাড়া-প্রতিবেশীদের খবর দেওয়া হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

বারুইপুর থানা।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ০৩:৫৪

ফের শিরোনামে উঠে এল বারুইপুর। সোমবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার শাসন এলাকায় যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। কিছুদিন আগেই বারুইপুরে এক নাবালিকাকে গণধর্ষণ, খুনের ঘটনায় তোলপাড় হয় রাজ্য। এরই মধ্যে নতুন অভিযোগ সেই বারুইপুরেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার বয়স ১২-১৩ বছর। যুবকের বয়স ৩৭। ওই যুবকের বাড়ি মথুরাপুরে। মুরগির ব্যবসা করে যুবক। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, খাবারের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে বারুইপুরে নিয়ে যায় সে।

অভিযোগ, এলাকার এক বাসিন্দার কাছে ঘর ভাড়া নিতে গিয়েছিলেন ওই যুবক। তাঁর সঙ্গে থাকা নাবালিকাকে দেখে বাড়ির মালিকের সন্দেহ হয়। এরপর দু'জনকে আটকে রেখে পাড়া-প্রতিবেশীদের খবর দেওয়া হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।

স্থানীয় বিজেপি কর্মী তাপস দেবনাথ বলেন, ‘ওই নাবালিকা আর যুবককে আটকে রেখে স্থানীয়রাই আমার সঙ্গে যোগাযোগ করে। আমি বললাম, মারধর করো না। আমি থানায় জানাচ্ছি। আমিই লিখিত ভাবে জানালাম।’

স্থানীয় সূত্রের দাবি, ধৃত যুবক নিজেকে মথুরাপুরের বাসিন্দা বলে জানিয়েছে। অন্য দিকে, নির্যাতিতা নাবালিকার বাড়ি বেলেঘাটায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে বারুইপুরে নিয়ে এসে ধর্ষণের পরিকল্পনা করেছিল অভিযুক্ত। বিজেপি নেতা তাপস দেবনাথ বলেন, ‘আমার অবাক লাগছে, সূর্যপুরে এমন ঘটনার পরেও মানুষ সতর্ক হচ্ছে না।’

যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নাবালিকার বাড়ি ব্যারাকপুর এলাকায়। পরিবারের সঙ্গে বচসার পর সে শিয়ালদহ স্টেশনে চলে আসে। অভিযোগ, সেখানেই খাবারের প্রলোভন দেখিয়ে মথুরাপুরের বাসিন্দা অভিযুক্ত যুবক তাকে বারুইপুরের শাসন এলাকায় নিয়ে যায়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং নাবালিকাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share