Mysterious Death

বারুইপুরের ঘটনার পরদিনই অশোকনগরের পুকুরপাড়ে মিলল অজ্ঞাতপরিচয় মহিলার দেহ, তদন্তে পুলিশ

পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয়দের একাংশের সন্দেহ, অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে নির্জন ওই জলাশয়ে দেহ ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, অশোকনগর
  • শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০২:৪৫

উত্তর ২৪ পরগনার অশোকনগরে একটি জলাশয় থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় এক মহিলার দেহ। সোমবার সকালে অশোকনগর থানার অন্তর্গত গুমা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তাজপুর এলাকার একটি জলাশয়ে দেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি অশোকনগর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, জলাশয়ে উপুড় হয়ে পড়ে ছিল দেহটি। তাঁদের অনুমান, মৃতার বয়স প্রায় ৩০ বছর। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয়দের একাংশের সন্দেহ, অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে নির্জন ওই জলাশয়ে দেহ ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।

ঘটনার জেরে অশোকনগর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃতার পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের মতে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

উল্লেখ্য, রবিবার বারুইপুরে একটি পুকুর থেকে ১২ বছরের এক কিশোরীর দেহ উদ্ধারকে ঘিরেও তীব্র চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। কিশোরীর পরিবারের অভিযোগ, ধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। যদিও সেই অভিযোগের তদন্ত এখনও চলছে। সেই ঘটনার পরেরদিনই ফের পুকুরের পাড়ে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য। 


Share